জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
ঈদে তিন ছবি...
ঈদে আনন্দের অনেক বড় একটা মাধ্যম সিনেমা। এই ঈদে আমার তিনটি সিনেমা মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ মুক্তি পাবে সিনেমা হলে। এতে আমার নায়িকা পূজা চেরি। ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাবে ওয়েব ছবি ‘শুক্লপক্ষ’। ভিকি জাহেদের পরিচালনায় ছবিটিতে আমার সঙ্গে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। একই পরিচালকের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কার্নিশ’ ঈদের তৃতীয় দিন মুক্তি পাবে চ্যানেল আইতে। ছবিটিতে আমার সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এর বাইরে দীপ্ত টিভিতে ‘মুখোশ’ সিনেমাটি রিলিজ হবে। সব মিলিয়ে দারুণ একটা ঈদ কাটবে আমার।
সাইকো...
সাইকো আসলে ঈদের সিনেমা। ঈদ মানেই ধামাকা, অ্যাকশন, থ্রিলার, এন্টারটেইনমেন্টে ভরপুর সিনেমা। ‘সাইকো’তে সবই পাবে দর্শক। অনন্য মামুনের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে এ যাবৎ, তার মধ্যে সাইকো অন্যরকম একটা সিনেমা হবে। অনন্য মামুন যখন আমার অভিনীত ‘মেকআপ’ রিলিজ করেছিল তখন তাকে বলেছিলাম, তার আগে ‘সাইকো’ রিলিজ দিতে। কারণ ছবিটা অন্যরকম। কিন্তু নানা কারণে সে সময় সাইকো রিলিজ দিতে পারেনি। শেষের দিকে কিছু কাজ বাকি ছিল, এগুলো এত দিনে শেষ হয়েছে। আর ‘সাইকো’ আসলে একটা কি ওয়ার্ড। এটা দিয়ে একটা গ্রুপকে বোঝানো হয়েছে। কোনো ব্যক্তি নয়। ‘সাইকো’র প্রতিটি শব্দেরই আলাদা মিনিং রয়েছে। মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। দর্শক দেখলেই বুঝতে পারবে।
পূজা চেরির সঙ্গে কাজ...
পূজা চেরির সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। পূজা খুবই ভালো অভিনেত্রী। ওর ভেতরে কাজ করার প্রচণ্ড স্পৃহা রয়েছে। যেটা তাকে দেখলেই বোঝা যায়। সে খুবই ডেডিকেটেড।
ঈদ পরিকল্পনা...
সিনেমা মুক্তি পাচ্ছে, সেজন্য ঈদ নিয়ে সেভাবে পরিকল্পনা করতে পারছি না। তবে ঈদের দিনটা হোম টাউনে যাব। বাবা-মায়ের সঙ্গে ঈদ করব। তারপর সেদিন বিকেলেই ঢাকায় ফিরে আসব। ঈদ একটা পবিত্র উৎসব। কোরবানি দেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেজন্য ঈদকে আমি শুধু ব্যক্তিগত আনন্দের বিষয় হিসেবে দেখি না। এটা সামষ্টিক আনন্দের বিষয়। সবাইকে নিয়ে ভালো থাকা। একজন অভিনেতা হিসেবে ঈদের আনন্দটাকে দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব। এটা এই ঈদে আমার জন্য বাড়তি আনন্দের।
অপারেশন সুন্দরবন...
‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটা মোটামুটি রেডি আছে। এটা ঈদে আসার সম্ভাবনা ছিল। কিন্তু কিছু কাজ অসমাপ্ত থেকে যাওয়ায় এটা রিলিজ হয়নি। তবে শিগগিরই রিলিজ হবে। আর আমার বিশ্বাস এই সিনেমাটা ধামাকা তৈরি করবে।
