নেইমারের গোলে হার এড়িয়েছে পিএসজি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:৩৬ পিএম

ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে হারের শঙ্কায় পরে গিয়েছিল প্যারিস সেই জার্মেই (পিএসজি)। তবে শেষ মুহূর্তে নেইমারের গোলে হার এড়ায় লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ক্লাবটি। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে পিএসজি।

রোববার রাতের ম্যাচটি অবশ্য জিততেই পারতেন লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে, নেইমাররা। অন্তত তিনটি শট ফিরে আসে পোস্টে লেগে। এছাড়া দারুণ রক্ষণে বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মোনাকোর গোলরক্ষক ও ডিফেন্ডাররা। তাই আসরে প্রথমবারের মতো পয়েন্ট খোয়াতে হয় ক্রিস্টোফ গাল্টিয়েরের শিষ্যদের।

ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোল্যান্ডের গোলে লিড নিয়েছিল মোনাকো। বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরতে পারতো পিএসজি। কিন্তু লিওনেল মেসির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত হয় পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপে শট নিলে সেটি লাগে অপর পোস্টে।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের তালাশ জারি রাখে পিএসজি। কিন্তু মেলেনি সফলতা। ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন নেইমার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ পেয়ে কোনো ভুল করেননি নেইমার। আসরে এটি তার ষষ্ঠ গোল।

নেইমারের গোলে পরাজয় এড়িয়ে চার ম্যাচে পিএসজির ঝুলিতে এখন রয়েছে ১০ পয়েন্ট। তাদের সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট রয়েছেন মার্শেই ও লেন্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোনাকোর অবস্থান ১২তম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত