পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি দল আছে, ওই দলে অনেক পরহেজগার লোক, উচ্চ শিক্ষিত ডক্টরেট ও পিএইচডি করা লোক আছে, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে, তাদের ভাষা কোনো রাজনৈতিক দলের ভাষা নয়। টেলিভিশন টকশোতে দেখা যায়, তারা ধমক দিয়ে কথা বলতে চায়। এটা স্বাধীন দেশের কোনো ভাষা না।
তিনি বলেন, একসময় বঙ্গবন্ধু ধমক দিয়ে কথা বলেছেন, কিন্তু সেটা কার বিরুদ্ধে বলেছেন, আমাদের দুশমন ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে বলেছেন। আমাদের দুশমনদের বিরুদ্ধে বলেছেন। সেই ভাষা কি স্বাধীন দেশে চলবে! চলবে না। শেখ হাসিনা এই দেশের সন্তান, নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে ধমক দিয়ে সরে যেতে বলাটা কোনো রাজনৈতিক ভাষা না।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বীজ প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী ।
তিনি বলেন, ‘দু’টি দল যখন খেলতে মাঠে নামে, তখন রেফারির নির্দেশনা মেনে চলতে হয়। তেমনি রাজনৈতিক মাঠেও রেফারির ভূমিকায় নির্বাচন কমিশন রয়েছে। তাকে মেনেই মাঠে খেলতে হবে। কোন ধমকে কাজ হবে না।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর ও কৃষকদের বেশি সম্মান করেন। কারণ, কৃষি হলো দেশের পাঁজর, মানুষ যেমন পাঁজর ছাড়া হাঁটতে পারে না, তেমনি কৃষক ছাড়াও দেশ এগোতে পারে না। আর আওয়ামী লীগ সরকার হলো কৃষি বান্ধব সরকার। এ সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেওয়ার এমন উদ্যোগ শেখ হাসিনার আগে কোনো সরকার নেয়নি। প্রধানমন্ত্রী চান দেশের সব মানুষ শান্তিতে থাকুক।
উপস্থিত লোকজনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেয়ার সময় আসবে, গরিবের জন্য যারা কাজ করে তাদেরকেই ভোট দেবার আহ্বান জানান তিনি।
মেলা আয়োজন কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার), জেলা ডিডিএলজি শওকত ওসমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ কাদরী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, প্লাবন ভূমির মৎস্য চাষের উদ্যোক্তা আলী আহমেদ মিয়াজী।
