ছবি মুক্তির তৃতীয় দিনের মাথায় ঝুলিতে ১০০ কোটি।
বলিউডের খুব কমসংখ্যক ছবির লাভের অঙ্ক এক লাফে এমন সাফল্য পেয়েছে। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' এ নিয়ে সাত নম্বর। রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবিটির বাজেট ছিল ৪০০ কোটি টাকারও বেশি। অগ্রিম টিকিট বুকিংয়ের ফলে প্রথম দিনেই উঠে এসেছিল ৭৫ কোটি। বলিউডের মন্দার বাজারে বহু দিন পর এই ঘটনা রীতিমতো দৃষ্টান্ত বলে মনে করছেন সমালোচকরা। বয়কট প্রবণতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দর্শক টানছে এই ছবি।
তৃতীয় দিনের মধ্যেই 'ব্রহ্মাস্ত্র'র সংগ্রহে এলো ১০০ কোটির বেশি।
এর আগে বলিউডের কোন কোন ছবির বক্স অফিস সংগ্রহ তিন দিনে ১০০ কোটি ছুঁয়েছে? পরিসংখ্যান বলছে, শেষবার এমনটা হয়েছিল ২০১৮ সালে। রণবীর কাপুর অভিনীত 'সঞ্জু'র তিন দিনের সংগ্রহ এসেছিল ১১৯.৩৫ কোটি টাকা। সেই একই বছর, সালমান খান অভিনীত 'রেস ৩'-এর লাভের অঙ্ক ছিল ১০০.৭৫ কোটি।
তার আগে ২০১৭ সালে 'টাইগার জিন্দা হ্যায়'। সালমান খান-ক্যাটরিনা কাইফের জুটি সে বছর বাজিমাত করেছিল। তৃতীয় দিনে এ ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১১৫ কোটি টাকা। ২০১৬ সালে আমির খানের 'দঙ্গল'ও ১০০ কোটি পেরিয়েছিল। তৃতীয় দিনের বক্স অফিস বাজার ছুঁয়েছিল ১০৪.৬০ কোটি টাকা।
একই বছরে সালমান অভিনীত 'সুলতান'-এর সংগ্রহে এসেছিল ১০৫.৬০ কোটি। তার আগে প্রথম বার, রেকর্ড গড়েছিল সালমান অভিনীত 'বজরঙ্গি ভাইজান'। তৃতীয় দিনে সে ছবির ঝুলিতে এসেছিল ১০১.৫০ কোটি টাকা।
গত চার বছরে আর কোনো ছবির বক্স অফিস সংগ্রহ 'ব্রহ্মাস্ত্র'র ধারেকাছে আসেনি। যা নিয়ে গর্ব অনুভব করছেন নির্মাতারা, দর্শককে ধন্যবাদ দিচ্ছেন। তবে কঙ্গনা রানাউত অভিযোগ তুলেছেন, টাকা ঢেলে কারচুপি করে লভ্যাঙ্ক বাড়িয়ে দেখানো হচ্ছে। ৭০ শতাংশ পরিসংখ্যান ভুয়া বলে দাবি করেন তিনি। যদিও তার যুক্তি ধোপে টিকল না। তিন দিনের মাথায়ও টেক্কা দিল 'ব্রহ্মাস্ত্র'। সূত্র : হিন্দুস্তান টাইমস
