জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটের দিকে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে হোক্কাইডো দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১০ দিনের মধ্যে পঞ্চমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।
মঙ্গলবার (৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, মিসাইলটি ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হোক্কাইডো দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে পতিত হয়। তাদের এমন পদক্ষেপে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে।
উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি এই উৎক্ষেপণকে হিংসাত্মক আচরণ বলে বর্ণনা করেছেন।
এঘটনায় জাপান সরকার তার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য উৎক্ষেপণটি পরিকল্পিত বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
