এবার তাইওয়ান সংকট সমাধানে যে পরামর্শ দিলেন ইলন মাস্ক

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৬:৩৪ পিএম

ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে উপদেশ দিয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার পর এবার চীন-তাইওয়ান সংকট মোকাবেলায় নতুন পরামর্শ নিয়ে এসেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তার মতে, তাইওয়ানের আংশিক নিয়ন্ত্রণ বেইজিংয়ের কাছে হস্তান্তর করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

শুক্রবার (৭ অক্টোবর) দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে এই ধনকুবের বলেন, ‘আমার সুপারিশ হলো...তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ঠিক করা যেটি যুক্তিসঙ্গতভাবে প্রীতিকর হবে, সম্ভবত এটি সবাইকে খুশি করতে পারবে না’।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে দাবি করে আসছে বেইজিং। তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে বল প্রয়োগের কথাও জানিয়েছে তারা।

চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করে তাইওয়ান জানিয়েছে, তাইওয়ানের ২৩ মিলিয়ন মানুষই এর ভাগ্য নির্ধারণ করবে।

তবে মাস্ক মনে করেন, এ ব্যাপারে এমন একটি ব্যবস্থা করা সম্ভব যেটি হংকংয়ের তুলনায় কিছুটা সহনশীল হবে। উল্লেখ্য, চীনের সাংহাইতে মাস্কের টেসলা কোম্পানির একটি বড় কারখানা রয়েছে।

হংকংয়ের মতো তাইওয়ানে ‘এক দেশ, এক নীতি’ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে চীন। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে তাইওয়ানের সবকটি প্রধান রাজনৈতিক দল। তাইওয়ানের জনগণও একে সমর্থন করে না, বিশেষ করে ২০২০ সালে বেইজিং জাতীয় নিরাপত্তা আইন আরোপের পর থেকে।

এদিকে, মাস্কের এই পরামর্শ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির নিরাপত্তা পরিকল্পনার সাথে জড়িত এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, মাস্কের উচিৎ একজন পরিষ্কার মাথাওয়ালা রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেয়া।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘হংকংয়ে কী হয়েছে তা পুরো পৃথিবী স্পষ্টভাবে দেখেছে। বেইজিংয়ের সর্বগ্রাসী শাসনের অধীনে হংকংয়ের অর্থনৈতিক ও সামাজিক প্রাণবন্ততা হঠাৎ করেই নেই হয়ে গেছে’।

গত বছর টেসলার বৈশ্বিক সরবরাহের অর্ধেকই এসেছে সাংহাইয়ের কারখানা থেকে। তাইওয়ান সংকট শুধু টেসলা নয়, অ্যাপলের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাস্ক।

এর আগে, ইউক্রেন সংকট সমাধানে ক্রিমিয়াকে স্থায়ীভাবে রাশিয়ার হাতে সমর্পণ করে ইউক্রেনকে নিরপেক্ষতা অবলম্বনের পরামর্শ দেন মাস্ক। তার এ মন্তব্যের কঠোর সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত