মঞ্চ প্রস্তুত, চলছে দেশাত্মবোধক গান

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:০৫ পিএম

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। সেখান থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

শনিবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১১টায় খুলনা বিভাগীয় জাসাসের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিভাগীয় গণসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। চলছে দেশত্মাবোধক গান।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সমাবেশের সময় ড্রোন ক্যামেরায় নজরদারি থাকবে। পাশাপাশি সমাবেশের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, একটা সমাবেশকে কেন্দ্র করে সরকার ও পুলিশ যা করলো খুলনাবাসী আগে কখনো দেখিনি। পথে-পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আটক করা হচ্ছে। ট্রেনে যারা সমাবেশে এসেছে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এভাবে সমাবেশ ঠেকানো যাবে না। 

তিনি আরও বলেন, শত বাধা উপেক্ষা করে সমাবেশের এক দিন আগেই নেতাকর্মীরা খুলনায় প্রবেশ করেছে। দূর-দূরান্ত থেকে আজও আসছে। ইতিমধ্যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় প্রায় সব নেতা খুলনায় পৌঁছেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত