আমাদের ভুলের জেরেই গভীর সংকটে যুক্তরাজ্য, স্বীকারোক্তি ঋষির

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৫:৫৪ পিএম

রাজার হাতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর নিজ দলেরই সাবেক সরকারের সমালোচনা করে ঋষি সুনাক বলেছেন, বিগত সরকার কিছু ভুল করেছিল এবং সেসব ভুলের জেরেই দেশ বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের সামনে উপস্থিত হয়েছে। আমি সেই ভুলগুলো শোধরানোর জন্যই এসেছি।

মঙ্গলবার লন্ডনে রাজ পরিবারের কার্যালয় বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি। সংক্ষিপ্ত বৈঠকের পর রাজা তৃতীয় চার্লস তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পাশপাশি তাকে নতুন মন্ত্রিসভা গঠনেরও আমন্ত্রণ জানান।

তারপর বাকিংহাম প্যালেসের বাইরে দাঁড়িয়ে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ঋষি। ভাষণের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি সম্মান জানান তিনি। তারপর বলেন, ‘আমি কী কারণে এবং কোন পরিস্থিতিতে আপনাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া এখনও করোনা মহামারির জের আমাদের টেনে নিতে হচ্ছে।’

নিজের পূর্বসুরী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নেতৃত্বাধীন সরকারের খানিকটা সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কিছু ভুল করেছিলাম। এসব ভুল যে ইচ্ছাকৃত ছিল এমন নয় এবং কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিকও নয়। কিন্তু তারপরও আমরা বলব, কিছু ভুল আমাদের ছিল।’

বিগত সরকারগুলোর ভুল শোধরাতে দ্রুত কাজ শুরু করা প্রয়োজন উল্লেখ করে সুনাক আরও বলেন, ‘আমাদের খুব দ্রুত কাজে নেমে পড়তে হবে। কারণ, যতই বিলম্ব হবে- সংকটের তীব্রতা আরও বাড়বে।’

সুনাক তার সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতার প্রতিশ্রুতিও দিয়েছেন। কারণ, বিরোধীরা পূর্ববর্তী কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসনের সময় স্বচ্ছতার অভাব ছিল বলে অভিযোগ করে থাকেন।

তিনি বলেন, ‘কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে হয়। আমি আপনাদের আস্থা অর্জন করব’।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের রাজনীতি এবং অর্থনীতিতে এক গভীর সংকটের কালে দেশটির প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। এই দুঃসময় তার প্রধানমন্ত্রীত্বের আমলে ছায়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হলেন সুনাক। লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের পর আরও অশান্তি ও সংকট বাড়ে ব্রিটেনে। এর ফলে মাত্র ৪৫ দিনের মধ্যে তিনি পদত্যাগ করতেন বাধ্য হন। মাত্র সাত সপ্তাহ আগে কনজারভেটিভ দলের নির্বাচনে লিজ ট্রাসের কাছে হারের পর এবার ঋষি জয়ী হয়ে ফিরে এলেন।

আরও পড়ুন...

গভীর সংকটের কালে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে এই ঋষি সুনাক

ঋষিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে সরকার গঠনের আহবান রাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত