শ্রম ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৬:৪১ পিএম

শ্রম সংক্রান্ত ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন-আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রম অধিকার বিষয়ক সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ।

শুক্রবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শ্রম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি শ্রম খাতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিত তুলে ধরে বলেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রম অধিকার বিষয়ক সুপারিশসমূহ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। তিনি শ্রম আইন ও ইপিজেড আইনসহ সংশ্লিষ্ট বিধি বিধানের সংশোধন ও আন্তর্জাতিক শ্রম কনভেনশনসমূহ অনুস্বাক্ষরের বিষয়ও তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্ডেজ।

তিনি বাংলাদেশের শ্রম খাত উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সুপারিশসমূহের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের শ্রম খাতের অধিকতর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান ও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছান এলাহী গত এক দশকের বেশি সময়ে শ্রম খাতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের সুফল সম্পর্কে সভায় অবহিত করেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শ্রম আইন ও বিধি সংশোধন এবং ট্রেড ইউনিয়নের নিবন্ধন বিষয়ে তাদের পর্যবেক্ষণসমূহ তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন এবং শ্রম অধিকার প্রতিষ্ঠা ও বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ শ্রম অধিকার রক্ষায় তার করণীয় সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারসহ সকল কার্যক্রম অব্যহত রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরাল করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং বাণিজ্য, পররাষ্ট্র, আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত