জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। লোকঘরানার গানে তার কণ্ঠের জুড়ি মেলা ভার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন। এবার করতে চলেছেন নতুন কিছু। কী সেটা?
কাজী শুভ এবার তার মেয়েকে নিয়ে একটি গান গাইবেন। 'কন্যা রে আমার' শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজক আহাম্মেদ সজীব। কন্যার প্রতি বাবার ভালোবাসা প্রকাশের জন্য তৈরি এই গানটির ভিডিওতে অভিনয় করেছেন কাজী শুভ ও তার কন্যা পূর্ণতা। ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়।
শুভ বলেন, 'গানটি শুধু আমার কন্যা নয়, পৃথিবীর সকল বাবা ও কন্যার প্রতি উৎসর্গকৃত। তবে আমার জন্য এটি স্পেশাল। কেননা আমি ও পূর্ণতা এতে একসঙ্গে প্রথম অভিনয় করেছি। আশা করি আমাদের এই প্রয়াস সবার ভালো লাগবে।'
জানা গেছে, মিউজিক ভিডিওটি আগামী ১৪ নভেম্বর কাজী শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
