মালয়েশিয়ায় ১৫তম সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল বা জোট। এতে দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো সংসদে নতুন সরকার গঠনের বিষয়টি ঝুলে গেল। দেশটিতে নতুন কোন দল বা জোট সরকার গঠন করবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। গতকাল শনিবার মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। শুরু থেকেই এই নির্বাচনকে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা হচ্ছে।
মালয়েশিয়ার ইতিহাসে এর আগে কখনো সংসদে নতুন সরকার গঠনের বিষয়টি ঝুলে যায়নি। এবার মূলত একটি ইসলামি দলের উত্থানের কারণে এমনটি ঘটেছে। ইসলামপন্থী দলের কারণে বড় জোটগুলো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
দীর্ঘ দিনের বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। অন্যদিকে নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের জোট পেরিকাতান ন্যাশনাল ব্লক। তার জোটের নির্বাচনী প্রার্থীরা বর্তমান সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি আসনে জয় তুলে নিয়েছেন।
মুহিউদ্দিন ইয়াসিনের জোটে রয়েছে একটি রক্ষণশীল দল এবং একটি ইসলামি দল। এ দলটি মালয়েশিয়ায় শরিয়া আইন চালুর দাবিতে রাজনীতি করে আসছে। মালয়েশিয়ায় মুসলিমদের মধ্যে নৃতাত্বিক মালয় জনগোষ্ঠীর সংখ্যা বেশি। অন্যদিকে চাইনিজ এবং ভারতীয়রা সংখ্যালঘু।
মালয়েশিয়ার নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এবার ২২২টি আসনের মধ্যে ২২০টি আসনে ভোট হয়েছে। এরমধ্যে আনোয়ারের জোট সর্বোচ্চ ৮২টি আসন পেয়েছে। অন্যদিকে মুহিউদ্দিনের জোট পেয়েছে ৭৩ আসন। আর বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল ইয়াকুবের জোট বারিসন পেয়েছে মাত্র ৩০ আসন। মালয়েশিয়ার স্বাধীনতার পর ৬০ বছর সরকারে থাকা দলটির জন্য যা বড় ধরনের ধাক্কা।
বড় জোটগুলো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদের নিজেদের মধ্যে জোট গঠন করে সরকার গঠন করতে হবে। এছাড়া মালয়েশিয়ার রাজাও হস্তক্ষেপ করতে পারেন। যে কোনো আইনপ্রণেতাকে প্রধানমন্ত্রী বানানোর এখতিয়ার রাজার আছে।
শনিবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার ভোট প্রদান করেন। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্খা থেকে ভোটার উপস্থিতি বেশি ছিল।
নির্বাচনে কোনো জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মালয়েশিয়ার বর্তমান ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ক্ষতি হবে এবং মুদ্রাস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন
