দশম উইকেট রেকর্ড জুটির পর পাক ভরসা ইমাম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫০ পিএম

আগেরদিন ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের সকালেই হারায় আরও তিন ব্যাটারকে। তবে শেষ উইকেট নিতে বেশ বেগ পেতে হয়েছে পাকিস্তানের বোলারদের। নাসিম শাহ-আগা সালমানদের বিরক্তি ধরিয়ে দশম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল।

প্রথম দিন ৬ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড ৩৪৫ রান তুলতেই হারিয়েই ফেলে নবম উইকেট। তারপর হেনরি ও প্যাটেলের ব্যাটে ৪৪৯ রানে থামে কিউইরা। হেনরি ৬৮ ও প্যাটেল ৩৫ রান করেন। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে শেষ উইকেটে শতরানের জুটি গড়া এ দুই ব্যাটার নিজেদের ‘আসল’ কাজটাও করে দেখালেন ঠিকঠাকভাবেই।

করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসে শুরুতেই ধাক্কাটা দিয়েছেন এ দুজন মিলেই। ওপেনার আবদুল্লাহ শফিককে এজাজ প্যাটেলের ক্যাচ বানিয়ে কিউইদের প্রথম উইকেট এনে দেন পেসার ম্যাট হেনরি। তিন ওভার পর উইকেট শিকার করেন প্যাটেল। এই বাঁহাতি স্পিনারকে কাট করতে গিয়ে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন ওয়ানডাউনে নামা শান মাসুদ। ১১ ওভারে ২ উইকেট হারালেও ততক্ষণে ৫৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান। ৯৯ রানে তারা হারায় তৃতীয় উইকেটটি। তাড়াহুড়ো করে তৃতীয় রান নিতে গিয়ে রানআউট দলটির অধিনায়ক বাবর আজম। ফেরার আগে ৪১ বলে ২৪ রান করেন তিনি।

এরপর অবশ্য আর উইকেট হারায়নি পাকিস্তান। সৌদ শাকিলকে নিয়ে নিরাপদেই দিন শেষ করেছেন ইনাম-উল-হক। নিউজিল্যান্ডকে ৪৪৯ রানে অলআউট করার পর ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৯৫ রান পিছিয়ে দলটি।

ইমাম আগামীকাল ব্যাটিং শুরু করবেন ৭৪ রান নিয়ে। ১২৫ বলে ৯ চার ও ১ ছক্কায় রানটা করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ৫৫ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী সৌদ অপরাজিত ১৩ রানে। এর আগে শফিক ১৯ ও শান করেছেন ২০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত