পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি নেইমার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

পিএসজি থেকে ছুটি নিয়ে নেইমার গেছেন সাও পাওলোতে। পেলের শেষকৃত্যে যোগ দিতে। এমন তথ্য জানিয়েছিল ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর সংবাদে জানা গেছে, তিনবারের বিশ্বজয়ী কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি পিএসজি তারকা। নেইমারের পক্ষে তার বাবা নেইমার সিনিয়র সেখানে উপস্থিত ছিলেন।

ব্রাজিলের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় পেলের কফিনবন্দী নিথর দেহ রেখে ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পিএসজি তারকার বাবা নেইমার সিনিয়র ‘গ্লোবো’কে বলেছেন, ‘নেইমার আসবে না। তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’

প্রজন্মের পর প্রজন্মকে পেলে কতটা অনুপ্রাণিত করেছেন, সে কথাও বলেছেন নেইমার সিনিয়র, ‘ফুটবল পেলের কাছে অনেক ঋণী। আমার মনে হয়, ব্রাজিলিয়ানদের এই দুঃখের সময়ে তাকে এভাবেই শ্রদ্ধা জানানো উচিত। তার পরিবারের জন্যও এটা দুঃখের সময়। তিনি অনেকের প্রেরণা। তার কারণেই আজ আমরা এতটা উঠে আসতে পেরেছি। শুধু আগের প্রজন্ম নয়, বর্তমান প্রজন্মের জন্যও তিনি প্রেরণা।’

নেইমার আজ পিএসজিতে অনুশীলনের একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরেই অবশ্য স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। পেলের সঙ্গে বরাবরই অন্তরঙ্গ সম্পর্ক ছিল নেইমারের। পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত