সর্বজনের গল্প

ছেলেরাই অভাবে, আমাকে কী দেখবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৪ এএম

দীর্ঘ ২৮ বছর ধরে বায়তুল মোকাররম এলাকার ফুটপাতে আতর-টুপি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন মোহাম্মদ ফারুক ইসলাম। বাড়ি চাঁদপুরে হলেও ঘরবাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে নদীতে। পরিবার, সন্তান নিয়ে তার নিবাস এখন নারায়ণগঞ্জে।

দিনটি কেমন কাটছে আপনার?

আল্লাহ ভালোই কাটাচ্ছে, আলহামদুলিল্লাহ। হাজার বারোশ টাকা দোকানদারি করছি। এখন তো অনেক দোকান। যেখানে সেখানে ব্যবসা। এর মধ্যে আল্লাহ যেভাবে চালাচ্ছে, শুকরিয়া।

কত দিন এই পেশায় আছেন?

আমি ২৮ বছর ধরে আতরের ব্যবসা করি। তেজগাঁয়ের একটা কোম্পানিতে চাকরি করতাম এক সময়। চার-পাঁচ বছর চাকরি করছি। সেই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর এই লাইনে আসি।

কীভাবে আসলেন এই লাইনে?

আমার এক দেশি বলল, বেকার কেন থাকবি। আতরের ব্যবসা করতো সে। পরে আমাকে কিছু সহযোগিতা করে ব্যবসা ধরিয়ে দিল।

কোথায় বাড়ি আপনার?

বাড়ি আগে ছিল চাঁদপুরে। নদী সব ভাইঙ্গা নিছে। এখন নারায়ণগঞ্জের পাগলায় এক-দেড় কাঠা জায়গায় ছেলে মেয়ে নিয়ে থাকতেছি।

ছেলে-মেয়ে কতজন আপনার?

আমার চার ছেলে তিন মেয়ে। মেয়েদের বিয়ে দিছি। ছেলেদের একজন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে থাকে। আরেকটা ওই এলাকাতেই টুকটাক ব্যবসা করে। আরেকটা এখানেই আতরের দোকান করে। আরেক ছেলে এখনও বেকার।

ছেলেরা আপনার দেখাশোনা করে?

তারাই অভাবে আছে। নিজেদের সংসার নিয়া আছে ওরা। ওদের কাছে কিছু চামুই বা কেমনে। আল্লাহ আমাকে এই ওসিলাতে খাওয়াইতেছে।

আপনাকে সুযোগ দেওয়া হলে কোন স্বপ্নটি পূরণ করতে চান?

কারও যদি দয়া হয়, তাহলে খুব বড় কিছু চাওয়ার নেই। আমি চাই না বিল্ডিং করুম, এই করুম, সেই করুম। কিছু টাকা দিলে ব্যবসা করে খাইতে-পরতে পারুম আরকি। আমার কথায় কোনো প্যাঁচ আছে?

মানে ব্যবসা বড় করতে চান?

বড় কিছু না। ২০-৫০ হাজার টাকা হলেই আমার এই ব্যবসা করে দিন চালানো যায়। এখন চালান নেই। শুধু মাল আনি আর বেচি। এভাবেই চলতেছি। বড় মার্কেটে দোকান নিলে তো কত লক্ষ লক্ষ টাকা লাগে। অত বড় আশা করে লাভ আছে?

তাহলে মার্কেটে দোকান নিতে চান?

আমি প্রতিদিন ডাল দিয়ে ভাত খাই, যদি চিন্তা করি বিরিয়ানি খাব তাহলে কি ঠিক হবে? মার্কেটে দোকান নিলে অনেক টাকা লাগে, অনেক মাল কেনা লাগে। আমি সেটা পামু কই। আমার ফুটপাতেই চলে যাচ্ছে। বড় আশা করে তো কোনো ফায়দা হবে না।

আপনার ব্যবসায় শুরু আর এখনকার মধ্যে পার্থক্য কি?

আগে লাভ কম হতো। এখনকার মতো এত কেনা-বেচা হতো না। এখন বোঁচা-কেনা বাড়ছে, দোকান-পাটও বাড়ছে।

কত টাকা হলে আপনি ভালোভাবে চলতে পারবেন?

দিনে এক হাজার টাকা লাভ হলে ভালোভাবে চলা যায়। বেশি তো লাগে না। আমার কোনো দিন ৫০০ টাকা লাভ হয়, কোনো দিন ১০০০, কোনো দিন ১৫০০ টাকাও লাভ হয়।

আপনি যদি মন্ত্রী হতেন তাহলে প্রথমে কোন কাজটি করতেন?

না আমার মন্ত্রীর দরকার নাই। আমি ব্যবসাই করমু। মন্ত্রী কি আমার কপালে আছে? আমি কি বাচ্চা মানুষ যে কমু আর মন্ত্রী হমু।

এরপরও ধরুন আপনাকে মন্ত্রী করা হলো …

এইডা কইতে চাই না আমি। দরকার নাই। বেশি বড় কথা আমার কউওনের দরকার নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত