এফবিসিসিআই সভাপতি

উন্নয়ন বৈষম্যে রংপুরে শিল্পায়ন হচ্ছে না

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:৫২ পিএম

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেছেন, উন্নয়ন বৈষম্যের কারণে রংপুর অঞ্চলে শিল্পায়ন হচ্ছে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, দিন দিন দারিদ্র্য বাড়ছে। তাই বিভাগে দ্রুত শিল্পায়ন দরকার।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পর্যবেক্ষণের কথা জানান।

জসিম উদ্দিন বলেন, আজকের মূল প্রবন্ধে রংপুরের সম্ভাবনা ও সমস্যা, স্মার্ট বাংলাদেশের রূপরেখা, ডেল্টাপ্ল্যান, ২০৪১ সালের রূপরেখাসহ বিভাগ নিয়ে যে বিস্তর পরিকল্পনা তুলা ধরা হয়েছে এফবিসিসিআই রিসার্চ সেল বিষয়গুলো পর্যালোচনা করে রংপুরে শিল্পায়নের জন্য কাজ করবে।

তিনি আরও বলেন, রংপুরের শিক্ষা ও সংস্কৃতি সারা দেশকে সমৃদ্ধ করেছে। কেন না বেগম রোকেয়া রংপুর থেকে শুরু করেছিলেন নারী জাগরণ।

এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক প্রকল্প ও বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিরচেনা দৃশ্যপট। নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলু, নীলফামারী চেম্বারের সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, কুড়িগ্রাম চেম্বারের আব্দুল আজিজ মিয়া, লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আব্দুল হামীদ, পঞ্চগড় স্মল টি গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) রংপুর জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মামুন ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত