মেসি-রোনালদোর লড়াইয়ে কে এগিয়ে?

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:১৩ এএম

একসময় দুজনই লা লিগার নিয়মিত মুখ ছিলেন। একে-অন্যের মোকাবেলা করতে হতো বহু টুর্নামেন্টে। তাই বছরে কয়েকবারই হতো তাদের লড়াই। ক্লাব বদলের বাজারে ঝুঁকে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ছেড়েছেন বহু আগে। ভাগ্যের বিড়ম্বনায় লিওনেল মেসিকেও পাড়ি জমাতে হয়েছে প্যারিসে। ফলে এখন আর তাদের মুখোমুখি লড়াই দেখা হয় না ভক্তদের।

তবে ভক্তদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় মুখোমুখি হবেন ‍দুজন। মেসির পিএসজির মুখোমুখি হবে রিয়াদ একাদশ। সদ্য সৌদি আরবে পাড়ি জমানো রোনালদো সেই দলটিকে দেবেন নেতৃত্ব। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

তবে মাঠের যুদ্ধ শুরুর আগে মুখোমুখি লড়াইয়ে কে সবচেয়ে এগিয়ে? ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? সিআরসেভেন ভক্তরা পর্তুগিজ তারকাকেই এগিয়ে রাখতে চাইবেন। অন্যদিকে এলএম১০ ভক্তরা চাইবেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে সেরা প্রমাণ করতে।

তবে পরিসংখ্যান বলছে মাঠের লড়াইয়ে লিওনেল মেসিই এগিয়ে। দুজনের লড়াইয়ে জয়ের পাল্লাটা আর্জেন্টাইন তারকার দিকে ঝুকে আছে। এখন পর্যন্ত দুজন মোট ৩৬ বার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে ১৬ বারই জয় পেয়েছেন মেসি। ৯ বার জয়ের হাসি হেসেছেন রোনালদো। ড্র হয়েছে ১১ বার। গোলের হিসেবেও এখানে এগিয়ে মেসিই। এলএমটেনের ২২ গোলের বিপরীতে সিআরসেভেনের গোলসংখ্যা ২১টি।

দুজনের মুখোমুখি দেখা সবচেয়ে বেশি হয়েছে লা লিগাতেই। একসময় মেসি খেলতেন বার্সেলোনার হয়ে, রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে। তাই তো এই লিগে দুজনার দেখা মোট ১৮ বার। যার মধ্যে মেসির জয় ১৮ বার রোনালদো জয় ১০ বার। ড্র হয়েছে চারটিতে। এই লিগে দুই তারকার মুখোমুখি দিনে মেসির ১২ গোলের বিপরীতে রোনালদোর রয়েছে ৯ গোল।

চ্যাম্পিয়নস লিগকে বলা হয় ক্লাব ফুটবলের বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দুজন একে-অপরের বিপক্ষে খেলতে নেমেছেন মোট ছয়বার। দুজনই জয়ের দেখা পেয়েছেন দুবার করে। ড্রও হয়েছে দুইবারই। এখানে তাদের লড়াই সমানে সমান। কিন্তু গোলের পরিসংখ্যানে এগিয়ে থাকায় পাল্লাটা শেষ পর্যন্ত মেসির দিকেই ঝুঁকে গেছে। মেসির ৩ গোলের বিপরীতে রোনালদোর ২ গোল।

তবে কোপা দেল রেতে এগিয়ে সিআরসেভেন। ৫ ম্যাচ খেলে মেসির এক জয়ের বিপরীতে রোনালদোর জয় দুটি। ড্র হয়েছে আরও দুটি ম্যাচে। গোলের পরিসংখ্যানে এই টুর্নামেন্টে পর্তুগিজ তারকার ধারে-কাছেও নেই মেসি। রোনালদো পাঁচ গোল করলেও এ প্রতিযোগিতায় কোনো গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

সুপার কাপেও দুজনার রয়েছে দুটি করে জয়। একটি ড্র। তবে গোলের হিসেবে এখানেও এগিয়ে মেসি। পিএসজির এই তারকা ৬ গোল করলেও আল নাসরে যোগ দেওয়া রোনালদো করেছেন ৪ গোল।

আন্তর্জাতিক ফুটবলে তারা মুখোমুখি হয়েছেন মোট দুইবার। এখানেও এগিয়ে লিওনেল মেসি। একটি ম্যাচ জয়ের বিপরীতে একটি হয়েছে ড্র। অন্য ম্যাচটি হেরেছিল পর্তুগাল। তবে গোল সংখ্যা এখানে দুজনেরই (১-১) সমান সমান।

মেসির যত অর্জন

২০২২ বিশ্বকাপ, ২০১৪ রানার্সআপ; ২০২১ কোপা আমেরিকা, তিনবার কোপা রানার্সাপ, দুবার গোল্ডেন বল, ১০টি স্প্যানিশ লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ, ব্যালন ডি অর ৭ বার, পিচিচি ট্রফি ৬ বার।

রোনালদোর যত অর্জন

২০১৬ ইউরো, ২০০৪ ইউরো রানার্সআপ, ২০১৯ নেশন্স লিগ, ইংল্যান্ড-স্পেন-ইতালিতে মোট সাতটি লিগ, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, ব্যালন ডি অর ৫ বার, পিচিচি ট্রফি চারবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত