বাদশা ইজ ব্যাক; প্রথম দিনেই ৫৫ কোটির ব্যবসা 'পাঠান'-এর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:৪১ এএম

'বাদশা ইজ় ব্যাক'। বুধবার সারাদিন এমন কথাই বার বার শোনা গেল। মন্ত্রমুগ্ধের মতো তাকে বড় পর্দায় দেখেছেন আপামর দর্শক। এক-দু'বার নয়, অনেকে দেখেছেন তিন-তিন বার! কখনো সিঙ্গল স্ক্রিনে, কখনো আবার মাল্টিপ্লেক্সে পপকর্ন খেতে খেতে। পয়সা উসুল করা হুল্লোড়ে মেতেছেন দর্শক, লাভের মুখ দেখেছেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

শাহরুখ খানের 'পাঠান'-এর প্রথম দিনের ব্যবসার ছবিটা স্পষ্ট। ছবিমুক্তির দিনেই প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।

এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দক্ষিণী ছবি 'কেজিএফ-চ্যাপ্টার ২'- ৫৩ কোটি ৯৫ লাখ। ছবিমুক্তির দিনে দক্ষিণী মেগা হিটের ব্যবসাকে ছাপিয়ে গেল 'পাঠান'। শোনা যাচ্ছে, বুধবার প্রায় ৫৩-৫৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। যা ছাড়িয়ে গিয়েছে 'ওয়ার', 'থগস অব হিন্দুস্তান', 'ভারত' ছবির প্রথম দিনের উপার্জন।

প্রতিদ্বন্দীদের পরাস্ত করেই ক্ষান্ত নন 'পাঠান'। নিজের ছবি 'হ্যাপি নিউ ইয়ার', 'চেন্নাই এক্সপ্রেস'কেও হারালেন শাহরুখ। যাদের প্রথম দিনের ব্যবসার অঙ্ক ছিল ৪৪ কোটি ৯৭ লাখ ও ৩৩ কোটি ১২ লাখ।

দীর্ঘ ৪ বছর পরে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বলিউডের 'বাদশা'কে নিয়ে অনুরাগীদের উন্মাদনার ঝলক দেখা গিয়েছিল ট্রেলার মুক্তির পরেই। দুবাইয়ের বুর্জ খলিফাতেও শাহরুখের উপস্থিতিতে ট্রেলার প্রদর্শনের সময় ঢল নেমেছিল ভক্তদের। বক্স অফিসে যে ভালো অঙ্কের ব্যবসা করবে 'পাঠান', তার আভাস মিলেছিল অগ্রিম টিকিট বুকিংয়েই। দর্শকের উন্মাদনা দেখে সকাল ৬টা ও ৭টাতেও শো রেখেছিল বড় বড় শহরের একাধিক প্রেক্ষাগৃহ। এমনকি, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে মধ্যরাতেও শো চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ।

তবে মুক্তির প্রথম দিন সব হিসেব গুলিয়ে দিল 'পাঠান'। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে 'পাঠান'-এর ব্যবসাই সর্বোচ্চ। ইতিমধ্যে ব্লকবাস্টার খেতাবও পেয়েছে ছবি। আর হবে না-ই বা কেন, এ যে রাজার প্রত্যাবর্তন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত