সন্ত্রাসী কর্মকাণ্ড

ভৈরব পৌর যুবলীগ সম্পাদককে অব্যাহতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ এএম

যুবলীগের সম্মেলনসহ ইউপি চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দলীয় পদ হারালেন কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকত। তাকে গতকাল বুধবার রাতে দলীয় সভায় নেওয়া সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়। পরে দলীয় প্যাডে উপজেলা যুবলীগের আহ্বায়ক, তিন যুগ্ম-আহ্বায়কসহ পৌর যুবলীগের সভাপতির যৌথ স্বাক্ষরে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ খবর নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার বিকেলে দলীয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক এপিএস মোল্লা সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন প্রমুখ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ভিপি অলিউর রহমান অলি বলেন, এমপি নাজমুল হাসান পাপনের নির্দেশে দলীয় সভার সিদ্ধান্তমোতাবেক সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে আলআমিন সৈকতের সাথে দলীয় কোনো সম্পর্ক নেই যুবলীগের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত