বলিউডে আসছেন নাওমি? ডিম্পলের সঙ্গে কী সম্পর্ক তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

টিনসেল টাউনে এখন স্টার কিডদের ভিড়। সেই ভিড়ে এবার আলোচনায় রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি নাওমিকা সরন। কিন্তু নাওমিকাকে নিয়ে এত মাতামাতির কারণ কী? গুরুগ্রামের একটি স্কুলে পড়ছিলেন তিনি। সম্প্রতি স্নাতক শেষ করলেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেন নাওমিকা। বন্ধুদের ছবির পাশাপাশি নানি ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখা, 'আমার প্রিয় মানুষদের পাশে নিয়েই স্নাতক পাস করলাম।'

নাওমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তার খালা টুইঙ্কেল খান্না। মন্তব্য করেন, 'নাওমি, তোমায় ভালোবাসি।' অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা ও তার মেয়ে নব্য নভেলি নন্দাও ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান নাওমিকাকে। শুভেচ্ছা জানান অভিনেত্রী সোনালি বেন্দ্রেও।

চলতি বছরেই অক্ষয়পুত্র আরভের সঙ্গে একটি ছবি পোস্ট করে আলোচনায় আসেন নাওমিকা। ভাই-বোনের এই ছবি ছড়িয়ে পড়ে সোশালে।

২০০৪ সালের ১৯ অক্টোবর মুম্বাইয়ে জন্ম নাওমিকার। নাওমিকার মা রিঙ্কি একসময়ে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও তার বাবা সমীর একজন ব্যবসায়ী। নাওমিকার ছোট ভাইও আছে। মুম্বাইয়ে জন্ম হলেও দিল্লির স্কুলে পড়াশোনা নাওমির। তার পর গুরুগ্রামের একটি স্কুল থেকে স্নাতক। ২০২২ সালে ১৮-তে পা দেন তিনি। অভিনয়ের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ইউটিউবে 'তনাভ' নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন নাওমিকা। কত্থক নাচে পটু নাওমিকা। তাঁর দাবি, মন ভালো রাখতে নাচ করেন তিনি।

তবে, নাওমিকাকে ঘিরে বলিউডে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। তিনি কি আরও পড়াশোনা করবেন নাকি পরিবারের সদস্যদের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নেমে পড়বেন? উত্তর জানেন তিনি নিজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত