করপোরেট ডিম-মাংস উৎপাদন বন্ধ চান প্রান্তিক খামারিরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫ পিএম

পোলট্রি খাবার (ফিড), মুরগির বাচ্চা ও মেডিসিনসহ অন্যান্য প্রয়োজনীয় প্রায় সবকিছু উৎপাদন করছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। আবার তারা ডিম ও মুরগিও উৎপাদন করছে। পাশাপাশি খামারিদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়েও (চুক্তিভিত্তিক) জড়িত অধিকাংশ কোম্পানি।

তবে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ডিম ও মুরগি উৎপাদন এবং কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ চান খামারিরা।

তাদের অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলো দৌরাত্ম্যের সঙ্গে টিকতে পারছেন না দেশের সাধারণ খামারিরা। কোম্পানিগুলো বাজারে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।

এসব অভিযোগে করপোরেট কোম্পানিগুলোর মুরগির মাংস ও ডিম উৎপাদন এবং কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবি জানিয়েছে ডিলার ও সাধারণ খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘দেশের প্রান্তিক খামারিরা মুরগি ও ডিমের দাম না পেয়ে খামার বন্ধ করে দিয়েছে। এক লাখ ৬০ হাজার খামারের মধ্যে এখন বন্ধ হয়ে ৬০ হাজারে ঠেকেছে। তারপরও সব খামারে মুরগি নেই। প্রান্তিক খামারি না থাকলে এ সেক্টর টিকবে না। মুরগি ও ডিম উৎপাদনের ক্ষেত্রে এখন করপোরেট কোম্পানিগুলোর শেয়ার রয়েছে ১০ শতাংশ। তবে বাচ্চা, ফিড ও অন্যান্য উপকরণ তাদের শতভাগ দখলে। এসব উপকরণ ব্যবহার করে যখন তারা মাংস ও ডিম উৎপাদনে যাচ্ছে, তখন সাধারণ খামারিরা টিকতে পারছে না।’

তিনি আরো বলেন, করপোরেট কোম্পানিগুলো ফিড ও বাচ্চা উৎপাদন করুক। পাশাপাশি তাদের ফিড ও বাচ্চার দাম নিয়ন্ত্রণে সরকার প্রতিটি বিভাগে হ্যাচারি ও ফিড মিল যেন করে। এতে করে ফিড ও বাচ্চার দামে সিন্ডিকেট বন্ধ হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মনসুর রহমান, আলমগীর হোসাইনসহ সব জেলা থেকে আসা খামারিদের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত