রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন দলের শীর্ষ নেতারা। তারা জানিয়েছে বাসাবাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানি করছে। গ্রেপ্তার এড়াতে অনেক নেতাকর্মী এখন বাড়িছাড়া। আজ শনিবার রাজধানী ঢাকা বাদে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচির আগে গ্রেপ্তারকে উদ্দেশ্যমূলক বলছেন দলের শীর্ষ নেতারা। নেতাকর্মীদের গ্রেপ্তারের খবরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল শুক্রবার রাত পর্যন্ত সারা দেশে প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের বেশিরভাগই গ্রেপ্তার এড়াতে নিজ বাসাবাড়িতে থাকতে পারছেন না।’
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী কর্মসূচি সম্পর্কে বলেছেন, ইউনিয়নের পর থানা, উপজেলা, জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি আসবে। শেষ পর্যায়ে রাজধানীর ঢাকার দিকে পদযাত্রা হবে সারা দেশ থেকে।
রাজধানীর ঢাকার নেতাকর্মীদের অভিযোগ, পদযাত্রা কর্মসূচি হচ্ছে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে। কিন্তু ঢাকার নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? গত বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে সাদা পোশাকের পুলিশ। এ ছাড়া জুরাইন কবরস্থানে এক জানাজায় অংশ নিতে গিয়ে সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ রাজনীতি শূন্য হয়ে গেছে। পথ হারিয়ে তারা এখন বিএনপির পাল্টা কর্মসূচি দিচ্ছে। তাতে মানুষের অংশগ্রহণ না থাকায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে যৌথভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে।’
এদিকে বৃহস্পতিবার রাতে গোলাম মাওলা শাহীনকে গ্রেপ্তারের খবরে সতর্ক অবস্থান নিয়েছেন রাজধানী ঢাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তার আতঙ্কে গত দুই মাস যাবৎ নিজ বাসায় থাকছি না। পালিয়ে বেড়াচ্ছি। এভাবে কতদিন পালিয়ে বেড়াতে হবে তা বুঝতে পারছি না। কর্মসূচি এলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের গ্রেপ্তার করে, বাসাবাড়িতে হানা দেয়, নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানি করে।’
গত বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। এ সময় যুবদল নেতা গোলাম মাওলা শাহীন ও ইখতিয়ার কবিরকে গ্রেপ্তারের বিষয়টি তারেক রহমানকে অবহিত করেন। তিনি নেতাকর্মীদের গ্রেপ্তার এড়িয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে কার্যালয়ে গেলে গ্রেপ্তার হতে পারেন এমন আতঙ্কে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে গেলে দেখা যায় কার্যালয়ে স্টাফ ছাড়া কেউ নেই। অফিস স্টাফ শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘দপ্তরসংশ্লিষ্ট কেউ কার্যালয়ে আসেননি। বাদ আসর যুবদলের সাবেক সহসভাপতির জানাজা আছে তখন নেতাকর্মীরা আসতে পারেন।’
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘দলের কর্মসূচি এলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করে। কর্মসূচির আগে ও পরে নেতাকর্মীদের বিরুদ্ধে বেড়েছে মামলা গ্রেপ্তার। নতুন-পুরনো মামলায় সারা দেশ থেকে প্রতিদিনই গ্রেপ্তারের খবর আসছে। জামিন নিতে তাদের ছুটতে হচ্ছে আদালতে, সময় কাটছে আদালতের বারান্দায়। আবার অনেকেই গ্রেপ্তার ও হয়রানি আতঙ্কে ঘরছাড়া, গ্রামছাড়া।’
গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ শনিবার রাজধানী ঢাকা বাদে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। তবে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো রাজধানী ঢাকায় পদযাত্রা করবে। আগামীকাল রবিবার রাজধানী ঢাকায় পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সাবেক এমপি, মন্ত্রীরা নিজ নিজ এলাকার ইউনিয়ন পদযাত্রা করবেন : দলের ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা সফল করতে কিছু জেলা ও বিভাগে জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল সিলেট বিভাগের জেলাগুলোর নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে জেলা নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান নোয়াখালীতে পদযাত্রা করবেন।
শরিকরা যে যেখানে থাকবেন : যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ভাটারা থানাধীন বাঁশতলা ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে পদযাত্রা বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। পদযাত্রাটি নতুনবাজার (বাঁশতলা) থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোড মোড়ে গিয়ে শেষ হবে। পদযাত্রায় নেতৃত্ব দেবেন এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি। গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ১৪ দফা দাবিতে প্রতিবাদী পদযাত্রা করবে। মোস্তফা মোহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের নেতারা রাজধানী ঢাকায় পদযাত্রা করবেন না। তবে ঢাকার বাইরে তারা পদযাত্রা করবেন।
