‘মাশরাফী ম্যাজিক’ মানতে নারাজ ইমরুল কায়েস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশে প্রিমিয়ার লিগ শুরু হয় ২০১২ সালে। বিপিএলের সেই আসরে তাদের নাম ছিল সিলেট রয়্যালস। ১০ ম্যাচের মাত্র দুটিতে তারা জয় পেয়েছিল। সেই দলটি পরের আসরে প্লে অফ থেকে বিদায় নেয়। তারপর থেকে দলটির ভাগ্যে ছিল শুধুই পয়েন্টের তলানিতে থাকা। সমর্থকরাও সিলেটকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।

তবে টুর্নামেন্টের নবম আসরে ফের মালিকানা বদল হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। নাম হয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির অধিনায়ক হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার ছোঁয়ায় বদলে গেছে দলটি। দাপুটে আর লড়াকু জয়ে তারা নিশ্চিত করেছে ফাইনাল। তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সমর্থকদের দাবি মাশরাফীর ম্যাজিকে এবার বদলে গেছে সিলেট। তবে এই কথা মানতে নারাজ কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তার দাবি, ক্রিকেট দলগত খেলা। এখানে ম্যাজিক বলে কিছু নেই।

আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেন, ‘ক্রিকেট খেলাটা আসলে দলগত খেলা, এখানে ম্যাজিক বলে কোনো কথা নেই। দলের একতা যতি ভালো থাকে, আপনার দল যদি ভালো খেলতে থাকে তাহলে দলের ফলাফল সম্ভব। অনেকে অনেক বড় মাপের দল করেও কিন্তু ফলাফল আসে না। কারণ দলের মাঝের পরিবেশ ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয়... দলের যে বন্ডিংটা এগুলো ঠিক থাকে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি।’

ইমরুল যোগ করেন, ‘মাশরাফি ভাই যে দলেই খেলুক না কেন এই জিনিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। দলের সবাইকে নিয়ে থাকে, দলের একতাটা ভালো রাখে। আমরা চেষ্টা করি আমাদের দলের একতাটা ভালো রাখার। এটাকেই হয়তো উনার ম্যাজিক বলা যায়। উনি সবসময় তাদের তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকে। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার ম্যাজিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত