বিক্রির শীর্ষে গল্প উপন্যাস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৬ এএম

দিন যতই অতিবাহিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার আকর্ষণ ততই বাড়ছে। প্রতিদিন শতাধিক নতুন বই আসছে মেলায়। দর্শনার্থী বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বিক্রিও। প্রতিবারের মতো এবারও পাঠকদের আগ্রহের শীর্ষে গল্প-উপন্যাস। প্রকাশকরা জানিয়েছেন, গত ১৫ দিনে মেলায় বেশি বিক্রি হয়েছে গল্প-উপন্যাসের বই।

সরেজমিনে দেখা গেছে, পাঠকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে গল্প-উপন্যাসের বইয়ে স্টল সাজিয়েছেন প্রকাশকরা। বরাবরের মতো এবারও হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক, ইমদাদুল হক মিলন, সাদাত হোসাইনসহ জনপ্রিয় লেখকদের বই বিক্রির শীর্ষে রয়েছে। অনন্যা প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানান, অন্যান্য বইয়ের তুলনায় উপন্যাস ও গল্পের বই বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে হুমায়ূন আহমেদের বই এখনো বেশি বিক্রি হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আমান তানজুম দেশ রূপান্তরকে বলেন, উপন্যাস বেশি পড়া হয়। উপন্যাসে বিভিন্ন ধরনের জীবনগাথা থাকে; সেগুলো আমাকে নাড়া দেয়। তাই উপন্যাস বেশি পড়া হয়।

এদিকে বই দেখা ও কেনা ছাড়াও মেলা প্রাঙ্গণ নগরবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত স্থান ছাড়াও টিএসসি থেকে দোয়েল চত্বরের রাস্তায় হাজারো মানুষের আড্ডায় গতকাল বুধবার বইমেলা হয়ে ওঠে প্রাণবন্ত। যতই দিন যাচ্ছে, মেলায় বইপ্রেমীদের ভিড় ততই বেড়ে চলেছে। সেই সঙ্গে বাড়ছে নতুন বইয়ের সংখ্যাও। নতুন বইয়ের টানেই হোক কিংবা মেলার টানেÑবইপ্রেমীরা মেলায় আসছেন। মেলা শুরু হওয়ার পর বাংলা একাডেমি চিত্র বদলে গেছে।

নতুন বই : গতকাল ছিল বইমেলার ১৫তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ৮৪টি। 

আলোচনা অনুষ্ঠান : বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হয় ‘বাংলাদেশের লিটল ম্যাগাজিন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ ইকবাল। আলোচনায় অংশগ্রহণ করেন হাফিজ রশিদ খান, অনিকেত শামীম এবং সরকার আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজ্জাদ আরেফিন।

প্রাবন্ধিক বলেন, লিটল ম্যাগাজিন একটা চিরনতুন প্ল্যাটফর্ম। সময়ের সেবা না করে সময়কে সৃষ্টি করার চেষ্টাÑ এসবই লিটল ম্যাগাজিনের মূল বৈশিষ্ট্য। লিটল ম্যাগাজিনের দিগ¦লয় চলিষ্ণু ও ক্রমবর্ধমান। এর ধারণা-বৈশিষ্ট্য কিংবা পন্থা ও পরিণাম অনতিক্রান্ত নয়, ক্রমবিকশিত ও পরিবর্তিত। আর তা নিশ্চয়ই এদেশের মৃত্তিকা ও সংস্কৃতিকে অনুরুদ্ধ করেই পরিচালিত ও বিকিরিত। পরিচর্যার পথটিও সে লক্ষ্যেই নির্ধারিত।

আলোচকরা বলেন, প্রচলিত ও গতানুগতিক সাহিত্যচর্চার বাইরে নতুন চিন্তাচেতনাকে ধারণ করে যে পত্রিকা, সেটাই লিটল ম্যাগাজিন। নতুন ও তরুণ লেখকরাই লিটল ম্যাগাজিনের ধারক। প্রাতিষ্ঠানিকতার বাইরে থেকে প্রতিষ্ঠান-বিরোধিতার একটি মাধ্যম লিটল ম্যাগাজিন। আধুনিক ও প্রগতিশীল চিন্তাচেতনার স্ফুরণ ঘটে এই পত্রিকায়। প্রচলিত ধারণাকে অস্বীকার করে নতুন কিছু বিনির্মাণ করতে চায় বলে লিটল ম্যাগাজিন সবসময়ই স্পর্ধিত এক চর্চার নাম।

সভাপতির বক্তব্যে সাজ্জাদ আরেফিন বলেন, সাহিত্য আন্দোলনকে বেগবান করতে প্রথাবিরোধী তারুণ্যের প্রতীক হিসেবে লিটল ম্যাগাজিনের গৌরবকে সমুজ্জ্বল রাখতে হবে। লিটল ম্যাগাজিন আন্দোলনের গতিময়তা ফিরিয়ে আনার জন্য তরুণদের উদ্যোগী ভূমিকা রাখতে হবে।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন দিলারা হাফিজ, হাকিম আরিফ, আঁখি সিদ্দিকা ও জয় শাহরিয়ার।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মোহাম্মদ সাদিক, কামরুল হাসান, সাজ্জাদ আরেফিন, টিমুনী খান, কৌমুদী নার্গিস। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আফতাব আহমেদ মাহাবুব, পলি পারভীন, কাজী মদীনা। এ ছাড়া ছিল সুলতানা আক্তারের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘স্কেচ একাডেমি অব ফাইন আর্টস’ এবং দীপ্তি রাজবংশীর পরিচালনায় ‘বাংলাদেশ লোকসংগীত পরিষদ’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন লীনা তাপসী খান, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সুমন মজুমদার, মাহবুবা রহমান, সম্পা দাস, ডা. তাপস বোস, শহীদ কবীর পলাশ, আফরিদা জাহিন জয়ীতা। যন্ত্রানুষঙ্গে ছিলেন কাজী মো. ইমতিয়াজ সুলতান (তবলা), সুমন রেজা খান (কি-বোর্ড), মো. মনিরুজ্জামান (বাঁশি), ফিরোজ খান (সেতার)।

আজকের সময়সূচি : আজ ৩ ফাল্গুন ১৪২৯/১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার। অমর একুশে বইমেলার ১৬তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

আলোচনা অনুষ্ঠান : বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হবে ‘বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকেন্দ্রীকরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমেদ দুলাল। আলোচনায় অংশগ্রহণ করবেন মাহমুদ কামাল, হেনরী স্বপন, নজিবুল ইসলাম এবং সাজ্জাদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনীক মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত