তবুও খুশি সিলেটের সমর্থকরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৫ এএম

রয়্যালসের হাত ধরে অভিষেক আসরেই বিপিএলে যাত্রা শুরু হয়েছিল সিলেটের। উদ্বোধনী আসরে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। পরের আসরে প্লে অফে খেললেও, তারপর থেকে ছন্দ হারায় তারা। বছরের পর বছর মানহীন ফ্র্যাঞ্চাইজি আর নিম্নমানের দল গড়ে পয়েন্ট তালিকার তলানীতে থাকত তারা। অনেক আসরে কোনো ম্যাচেই দেখেনি জয়ের মুখ।

অথচ মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে বদলে যায় সিলেট। স্ট্রাইকার্স নাম নিয়ে তারা উঠে যায় ফাইনালে। সেখানে এবার সবার প্রত্যাশা ছিল শিরোপা জয় করবে তারা। কিন্তু স্থানীয় সমর্থক আর মাঠে আসা দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেনি সিলেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে তারা শিরোপা খুঁইয়েছে।

শিরোপা খুব কাছে এসেও শেষ পর্যন্ত ছুঁতে না পারার আক্ষেপে পুড়েছেন সকলেই। তবে স্থানীয় সমর্থকরা এমন সিলেটকে দেখতে পেয়ে খুশি। চ্যাম্পিয়ন না হলেও অন্তত পয়েন্ট তালিকার তলানীতে তো নেই! এটাই তাদের কাছে প্রাপ্তি।

ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যেতে থাকা সিলেট স্ট্রাইকার্সের এক সমর্থককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়। কাছে যেতেই জানালেন তার নাম আহমেদ মাহি। ঢাকা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী তিনি। বাড়ি সিলেট শহরে। দল হেরে গেলেও খুশি বলেই জানালেন তিনি।

বললেন, ‘আমরা তো প্রতিবছর পয়েন্ট তালিকার তলানীতে থাকে এমন একটা দলকে দেখেছি। যারা কখনও ম্যাচও জিততে পারে না। সহজ ম্যাচও তারা হেরে যায়। কিন্তু এবার এমন দল ছিল না সিলেট। স্ট্রাইকার্স দারুণ খেলেছি। নাজমুল হোসেন শান্ত যে এত ভালো ব্যাট করবে, কল্পনাও করিনি। তারা যে ফাইনাল খেলবে এটাও প্রত্যাশা করিনি। তবে শেষ পর্যন্ত তারা রানার্সআপ হয়েছে এতেই আমরা খুশি। কারণ তাদের কাছে তো আমাদের কোনো প্রত্যাশাই ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত