বাগেরহাটের ফকিরহাটে বেবি ট্যাক্সির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি শিশু সদনের (এতিমখানা) সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট থানায় রেখেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে সাকিব সরদার (২১) এবং একই গ্রামের মোহর আলীর ছেলে সাদিক হোসেন (২২)।
ফকিরহাট থানার উপ পরিদর্শক সঞ্জীব কুমার পাল বলেন, বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় দুই তরুণ মোটরসাইকেল আরোহী বাড়ি থেকে বাইক নিয়ে বাইরে বের হলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি শিশু সদনের (এতিমখানা) সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্যাক্সির সাথে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে নিহতদের মরদেহ এবং মোটরসাইকেল ও বেবি ট্যাক্সিটি উদ্ধার করে। বেবিট্যাক্সির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।