রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ সাব-মাঝির মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় গুলীবিদ্ধ এক রোহিঙ্গা নেতা আজ ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই ব্যক্তি হলেন উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে মো. সলিম (৩৫)। তিনি 'সি' ব্লকের সাব-মাঝি (সহকারী কমিউনিটি নেতা) ছিলেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 'সি' ২ ব্লকে এ ঘটনা ঘটে।

গত ক'দিন ধরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে হতাহতের হচ্ছে অনেকেই। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতরাতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

জানা যায়, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের 'সি ২ ব্লকে মোহাম্মদ সলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এ সময় মুখোশ পরা ১০-১৫ জনের অজ্ঞাতপরিচয় একটি দল হামলা চালায়। এতে মোহাম্মদ সলিম গুলিবিদ্ধ হন। পরে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। গুলিবিদ্ধ সলিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মৃত্যুবরণ করেন সলিম।

বুধবার গভীর রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট ও ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা প্রায় শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে রোহিঙ্গারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত