গুতেরেসকে প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে দ্রুত উদ্যোগ নিন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৫৬ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা ভেবে দ্রুত এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের সরকারপ্রধান।

শনিবার (০৪ মার্চ) কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ আহ্বান জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ মহাসচিবকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেন, যুদ্ধের ফলে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে স্যাংশনের কারণে জিনিসপত্র ঠিকমতো না আসায় দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। দুনিয়াজুড়ে মানুষের কষ্ট হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করা দরকার। যুদ্ধ তাড়াতাড়ি শেষ হলে দেশের, দশের মঙ্গল হবে।

এর আগে দোহায় স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি-৫) যোগ দিতে কাতার পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শনিবার (৪ মার্চ) সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ভিভিআইপি ফ্লাইটে দোহার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত