লিওনেল মেসির পাসে কিলিয়ান এমবাপ্পে করেছেন গোল। তাতে আরও একটি হোঁচট খাওয়া থেকে বেঁচে যায় পিএসজি। ব্রেস্তের বিপক্ষে পায় স্বস্তির জয়। যে জয়ের রাতে প্যারিস সেইন্ট জার্মেই অনন্য এক মাইলফল ছুঁয়েছে। পাশাপাশি দলটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে করেছেন রেকর্ড।
লিগ ওয়ানে এটি ছিল প্যারিসের ক্লাবটির ৩০০০তম গোল। এই ম্যাচ দিয়ে লিগ ওয়ানের ১২তম দল হিসেবে ৩ হাজার গোলের নতুন কীর্তি গড়ল পিএসজি। এই গোলগুলো করতে পিএসজির লেগেছে ১ হাজার ৮৫৮ ম্যাচ।
ইতিহাসের তৃতীয় দ্রুততম দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে তারা। পিএসজির চেয়ে কম খেলে লিগ ওয়ানে ৩ হাজার গোল করেছে শুধু মার্শেই ও সাঁত এতিয়েন। এই দুই দলের লেগেছে যথাক্রমে ১ হাজার ৮০১ ও ১ হাজার ৮১৬ ম্যাচ।
পিএসজির গোলের মাইলফলকের রাতে এমবাপ্পে স্পর্শ করেছেন আরেকটি ক্লাব রেকর্ড। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এদিন কাভানিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা।
পিএসজির জার্সিতে ১৬৫ ম্যাচ খেলে এমবাপ্পের গোল এখন ১৩৮টি। এর আগে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ৭ বছরে পিএসজির হয়ে খেলে লিগ ওয়ানে ১৩৮ গোল করেছিলেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকারকে অবশ্য এমবাপ্পের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে। তিনি এই রেকর্ড গড়েছিলেন ২০০ ম্যাচ খেলে।
২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গোল করা এবং করানোয় ক্রমে নিজের ভান্ডার সমৃদ্ধ করেছেন এমবাপ্পে।