ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে নিহত ১৪

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৮:১১ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে বাড়ি, স্কুল ও চিকিৎসা কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর উপকেন্দ্র ছিল বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরের একটি এলাকা। এ ভূমিকম্পে আবাসিক অবকাঠামোসহ স্কুল-কলেজের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রোববার (১৯ মার্চ) সকালে এক টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি যাচাই করতে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই যে আমি আপনার সঙ্গে আছি।

প্রেসিডেন্সির যোগাযোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে এবং ৩৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বেশিরভাগই এল ওরো প্রদেশে।

সংস্থাটি জানিয়েছে, কমপক্ষে ৪৪টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৯০টি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫০টি শিক্ষা ভবন এবং ৩০টিরও বেশি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত