বিলের জলে বর্ণিল স্মৃতিসৌধ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৮:২৩ এএম

কুড়িগ্রামে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে এবং জানাতে একটি বিলের মাঝে লাল সবুজের রঙে রাঙিয়ে তোলা হয়েছে ব্যতিক্রমী অস্থায়ী ভাসমান এক দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বর্ণিল আলোকসজ্জায় চাকির পশার বিলে স্মৃতিসৌধের আদলে ভাসমান স্মৃতিসৌধটি তৈরি করা হয়।

রবিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকির পশা বিলের মাঝে এ ব্যতিক্রমী স্মৃতিসৌধটির দেখা মেলে। সন্ধ্যার পর থেকে ব্যতিক্রমী এ সৌধের সৌন্দর্য উপভোগ করতে বিলের পারে ভিড় জমান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির নিজ অর্থায়নে উপজেলার চাকির পশা বিলে মাঝে ব্যতিক্রমী অস্থায়ী একটি ভাসমান স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। মূলত নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে স্মৃতিসৌধেটি লাল সবুজ রঙের আদলে তৈরি করা হয়। দেখলে মন কাড়বে যে কারো। রাতে পানির মাঝে স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতে শত শত মানুষ ভিড় করছে চাকির পাশ বিলের পাড়ে। স্মৃতিসৌধটিতে লোহার অ্যাঙ্গেল, রড, লোহার পাতি, কাপড় ও বিভিন্ন রঙের লাইট ব্যবহার করা হয়েছে। এটি লম্বা প্রায় ২১ ফিট।

সবকিছু ঠিকটাক থাকলে স্মৃতিসৌধটি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য ঈদ পর্যন্ত বিলের মাঝেই রাখা হবে বলে জানা গেছে।

স্মৃতিসৌধটি দেখতে আসা রানা নামের একজন বলেন, বিলের মাঝে স্মৃতিসৌধ। আবার লাল সবুজের রঙের রাঙিয়ে তোলা হয়েছে। যা দেখতে অসাধারণ। আমি ফেসবুকে স্মৃতিসৌধটি সৌন্দর্য দেখতে পেয়ে চলে আসলাম। আসলেই অসাধারণ, নিজ চোখে না দেখলে বোঝা যাবে না এর সৌন্দর্য।

স্মৃতিসৌধেটির তৈরির উদ্যোক্তা ও রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাকির পশা বিলের মাঝে অস্থায়ী দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। নতুন প্রজন্মকে উজ্জীবিত এবং জানাতে মূলত স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। গত ১৫ দিন থেকে প্রস্তুতি নিয়ে এ কাজটি করেছি আমরা। দেখবেন নিজের ছবি নদীর মাঝে দেখতে কিন্তু ভালো লাগে। ঠিক তার চেয়েও সুন্দর লাগছে স্মৃতিসৌধটি পানিতে দেখতে। এর সৌন্দর্য রাতে উপভোগ করার মতো। দিনে এটি ভালো লাগবে না। মূলত রাতের জন্য তৈরি করা হয়েছে। আমরা স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বলব, তারা যেন এটি দেখতে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত