শ্যুটিংয়ের শুরুতেই ‘প্রিয়তমা’ নিয়ে আগ্রহী হলমালিকরা

আপডেট : ১৩ মে ২০২৩, ০১:২৭ এএম

মাত্র শ্যুটিং শুরু হয়েছে ‘প্রিয়তমা’র। এরই মধ্যে ছবিতে সুপারস্টার শাকিব খানের  লুক প্রকাশ হয়। আর সেই লুক সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। শাকিব খানের নতুন লুক দেখে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে! বিশেষ করে শাকিবের ভক্তরা রীতিমতো উন্মাদনা তৈরি করে ফেলেছেন। এতটাই মুগ্ধ হয়েছেন যে সেই পোস্টার লুকে নিজেদের ফেসবুক প্রোফাইলে দিচ্ছেন। প্রিয়তমা লুকটি ফেসবুকে ঢুকতেই চোখে পড়ছে; যা দেখে ছবিটির ব্যাপারে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে হলমালিকদের মধ্যেও। এরই মধ্যে ছবির পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করেছেন ২৭টি সিনেমা হলের মালিক!

বুধবার থেকে ‘প্রিয়তমা’র শ্যুটিংয়ে নামেন ঢাকাই সিনেমার এই ‘কিং খান’। সেদিন লুক ছেড়েই তিনি ভাইরাল হয়ে যান। মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; শাকিবের নতুন এই লুক দেখে লুফে ক্রিটিকসরাও, তারাও মুগ্ধতা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ‘প্রিয়তমা’ লুক দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। তিনি বলেন, ‘সবার ভালোবাসায় আমরা “প্রিয়তমা” টিম মুগ্ধ, কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। গতকাল থেকে শুধু সাধারণ দর্শকরাই আমাদের ভালোবাসা জানাননি, ২৭টি সিনেমা হল আমাদের সাথে যোগাযোগ করছেন টাকা দিয়ে ঈদের বুকিং দেওয়ার জন্য। শ্যুটিং শেষ না হওয়া একটি ছবির জন্য সর্বশেষ কবে এই চাহিদা তৈরি হয়েছিল, আমাদের জানা নেই। শাকিব খান আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কাছ থেকে তার অসংখ্য ভক্তের যে প্রত্যাশা, তা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’ হিমেল আশরাফ বলেন, ‘আমরা আগে কাজটি পরিকল্পনামতো শেষ করতে চাই। যারা লুক দেখেই ঈদে “প্রিয়তমা” নেওয়ার আগ্রহ দেখিয়েছেন, তাদের এই আগ্রহ আমাকে এবং পুরো টিমকে অনুপ্রাণিত করেছে। সত্যি এ বিষয়টি ভীষণভাবে আমাকে স্পর্শ করেছে। শ্যুটিংয়ের প্রথম দিনে শাকিবের প্রিয়তমা লুক দেখে বেশ কিছু সিনেমা হল সেই লুকটি শেয়ার করে শাকিবের প্রশংসা করেছে। গাইবান্ধার রোমা, কিশোরগঞ্জের রাজ, মেহেরপুর সিনেমা হল, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা থেকে পোস্ট করে জানায়, প্রতিটি সিনেমা হলেই ঈদে “প্রিয়তমা” চলবে।’

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, যেখানে অন্যদের সিনেমার ট্রেলার ও মুক্তির আগে হলে হলে ছুটে জোর প্রচারণা চালিয়েও যে আলোচনা আনে, সেখানে শাকিব খান একদিন শ্যুটিং করে শুধু একটি নতুন লুক ছেড়ে তার স্টারডমের ফের প্রমাণ দিয়েছেন; যদিও এটি তার জন্য নতুন কিছু নয়! সংশ্লিষ্টদের কথা, এতে করে বোঝা যায় ব্যক্তিগত জীবনে কিছুটা বিতর্ক ছাপিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’র সাফল্য এবং ‘প্রিয়তমা’র আলোচনা তারকা হিসেবে শাকিবের জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি; বরং শাকিব খান তার কাজ দিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে! ‘প্রিয়তমা’র পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল। চলচ্চিত্রসংশ্লিষ্টরা পর্দায় নতুন এ জুটির রয়াসন দেখার জন্য মুখিয়ে আছেন। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের এ ছবির অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকে।

এদিকে, ফের আলোচনায় ঢালিউডের দুই তারকা শাকিব খান আর শবনম বুবলীর সম্পর্ক। তবে এবার যেন সম্পর্কের সেই সুতাটাই আর থাকছে না। শাকিব খান গণমাধ্যমকে স্পষ্ট করেছেন তার সঙ্গে বুবলীর আর কোনো সম্পর্ক নেই। এমনকি তাদের আর কখনোই অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন দেখা যাবে না। এখানেই সব শেষ হতে পারত। কিন্তু বুবলী ঘটনাকে দীর্ঘতর করলেন। তিনি এখনো হয়তো আশায় আছেন সম্পর্ক টেকানোর ব্যাপারে। তিনি ফেসবুকে দীর্ঘ পোস্টে উল্লেখ করেছেন শাকিবের সঙ্গে এখনো তার সম্পর্ক শেষ হয়নি। ‘প্রিয়তমা’ ছবিতে বুবলী না থাকায়, দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠেছিল। এমন অবস্থাতেই শাকিব খান গণমাধ্যমকে জানান, ‘শুরুতে যখন ‘প্রিয়তমা’ নিয়ে আলাপ হয়েছিল, তখন গল্পের প্রয়োজনে একদম নতুন কাউকে দরকার ছিল, যে টুকটাক অভিনয় করেছে, কিন্তু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা একেবারেই নেই। বুবলী তো গত কয়েক বছরে ডজনখানেকেরও বেশি ছবিতে অভিনয় করেছে। তা ছাড়া ছবির গল্পের সঙ্গে বুবলীর বয়সও এখন কাভার করছে না। সব বিবেচনায় তাকে নেওয়া হয়নি।’ এই কথার পরিপ্রেক্ষিতে বুবলী সরাসরি শাকিব খানকে বলেছেন, ‘শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই; কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত