পলক

বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন

আপডেট : ১৮ মে ২০২৩, ০৩:৩৮ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে মাদ্রাসা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হাজি সমাবেশে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গা দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গা প্রদান করেছেন। আপনারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যের জন্য দোয়া করবেন।

পলক বলেন, তিন বছর করোনা ও দুই বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারাবিশ্বে অর্থনীতির অবস্থা খারাপ। বিশ্বের এক নম্বর অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ।

প্রতিমন্ত্রী পলক স্মৃতিচারণ করে বলেন, ২০১০ সালে আমি যখন প্রথম আমার মাকে নিয়ে হজ করতে যাই তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজের সব কাজ শেষে যখন শয়তানকে পাথর মারতে যাব। তখন অনেক হাজি সাহেব বললেন খালাম্মা চার কিলোমিটার রাস্তা হেঁটে যেতে কষ্ট পাবেন। যেহেতু আপনার মা অনেক বয়স্ক মানুষ। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন। তখন আমি পাথর নিক্ষেপ করলাম। পরবর্তীতে মাকে নিয়ে আবার গিয়ে শয়তানকে পাথর মেরে তাঁবুতে ফিরে আসি। আমার মা সুন্দরভাবে হজের সকল কাজ সম্পন্ন করেন।

আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও আলহাজ মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. আকতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ মাওলানা আলী আকবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত