বিতর্কিত ওলামা লীগ আজ থেকে আওয়ামী লীগের

আপডেট : ২০ মে ২০২৩, ০১:৫৫ এএম

অবশেষে ওলামা লীগকে সমমনা সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি ওলামা লীগকে আওয়ামী লীগের সঙ্গে রাখার স্বীকৃতি দেবেন বলে জানা গেছে। ওলামা লীগ নামে একাধিক সংগঠন রাজধানীতে দীর্ঘদিন ধরে কর্মসূচি চালিয়ে আসছে। সংগঠনটি ঘিরে নানা বিতর্কও রয়েছে। তবে এর আগে আওয়ামী লীগের

স্বীকৃতি না পাওয়ায় তাদের বিতর্কিত কর্মকাণ্ডের দায় কখনো নিতে হয়নি ক্ষমতাসীনদের। আজ সকাল ১০টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা লীগের প্রথম সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ওলামা লীগ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের আশ্রয়ে থাকত বলে জনশ্রুতি রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে গোলাপ বলেন, ‘ওলামা লীগ আওয়ামী লীগের সমমনা সংগঠন হিসেবে এখন থেকে কাজ করবে। দলীয় সভাপতি শেখ হাসিনার অনুমোদন নিয়েই সংগঠনটিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

ওলামা লীগের কর্মকাণ্ড নিয়ে নানান বিতর্ক প্রসঙ্গে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘বিতর্কিতদের বাদ দেওয়া হয়েছে। আমাদের সমমনা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বে যারা বিশ্বাস করেন তারাই ওলামা লীগে থাকবেন।’

ওলামা লীগের নেতাদের দাবি, ১৯৯৫ সাল থেকে তারা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি তাদের। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকেই তাদের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখা যায়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ওলামা লীগ কাজ করে আসছে বলে দাবি সংগঠনটির নেতাদের। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করতে কাজ করছি।’ তাদের সংগঠনে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মীরাও থাকবেন বলে বিশ্বাস তার।

এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওলামা লীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে। সংগঠনটির পদপ্রত্যাশী নেতাদের প্রায়ই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে যেতে দেখা যায়। সেখানে আওয়ামী লীগ নেতাদের কাছে নির্বাচনী হিসাব-নিকাশে তাদের গুরুত্ব বোঝাতেও দেখা যায়।

জানা গেছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি দাবি করে আসছে ওলামা লীগ। সংগঠনটির পদপ্রত্যাশী নেতারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে এ ব্যাপারে দেনদরবার করে আসছেন। বিশেষ করে তারা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ রাখতেন বেশি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত বৃহস্পতিবার সংসদ ভবনে গোলাপের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন ওলামা লীগের পদপ্রত্যাশীরা। বৈঠকে ওলামা লীগকে সংগঠিত হয়ে আগামী দিনে মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

বিভিন্ন সময়ে বিতর্কিত নানা দাবি তুলে সমালোচিত ওলামা লীগকে নিয়ে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, এ সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। কিন্তু ওলামা লীগের বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নানা সময়ে দেখা গেছে। ওলামা লীগও নিজেদের আওয়ামী লীগের সমর্থক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে থাকে। ২০১৯ সালে ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলে মানববন্ধন করে ওলামা লীগ। পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলের দাবি জানিয়ে এতদিনেও তা না করায় সরকারের সমালোচনাও করে তারা। তখন ওলামা লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত