প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর দেখা যায় শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দামের পরিবর্তন ঘটে। এবারও বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে, ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। আলোচনা শেষে আগামী ২৬ জুন এই বাজেট পাস হবে।
প্রস্তাবিত বাজেট ঘিরেও সাধারণ মানুষের আগ্রহ ছিল - কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে। এতে দেখা যায়, নতুন করে যতো পণ্যের দাম বাড়তে যাচ্ছে, সে তুলনায় দাম কমবে খুব অল্প পণ্যের।
এবারের বাজেটে এসির ভ্যাট অব্যাহতি সুবিধা বর্ধিত করা হয়েছে। ফলে মূল্য প্রায় অপরিবর্তিত থাকছে। এই গরমে হাতের নাগালেই থাকছে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি)।
এদিকে দাম মধ্যবিত্তের নাগালে আসায় এসির বাজার বড় হচ্ছে। বছর বারো আগেও এসি ছিল উচ্চবিত্তের। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে।
জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে বলে যেসব ক্ষেত্রে শুল্ক হার পুনর্বিন্যাস হচ্ছে, সেসব ক্ষেত্রে নতুন দরে কেনাকাটা করতে হবে।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অনুযায়ী, আমদানি করা সফটওয়্যার, মোবাইল হ্যান্ডসেট, প্লাস্টিক পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেটের দাম বাড়তে পারবে। ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব আসায় বাড়তে পারে বিদেশে যাওয়া খরচ।
তবে, কমতে পারে মিষ্টি জাতীয় পণ্য, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ, হাতে তৈরি বিস্কুট, কৃষি যন্ত্রপাতির দাম।
