নির্দেশনা মেনে আজ থেকে খুলছে স্কুল

আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:২১ এএম

তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমের কারণে প্রাথমিকে ৪ দিন ও মাধ্যমিকে এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ রবিবার (১১ জুন) থেকে খুলছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, তীব্র দাবদাহের কারণে বৃহস্পতিবার এক দিনের ছুটি দেওয়া হয়েছিল। তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসায় রবিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। প্রাথমিক অধিদপ্তরের পরিচালক মনিষ চাকমা জানান, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকে ছুটি দেওয়া হয়েছিল। সেটি আর বাড়ছে না। তবে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো মানতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজগুলোকে কিছু নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনাগুলো হলো―

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

২. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

৪. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৫. শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর মাদ্রাসার দাখিল, কারিগরি অধিদপ্তরের অধীনে টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়। এর আগে গত ৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইবতেদায়ি পর্যন্ত মাদ্রাসা বন্ধ করা হয়। এ ছাড়া যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত