বৃষ্টিতে চামড়া নষ্টের শঙ্কা

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৩:২০ পিএম

ঈদের দ্বিতীয় দিনেও চলছে বৃষ্টির বাগড়া। দিনের অর্ধেকটা আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে চামড়া ব্যবসায়ীরা। কোরবানির চামড়া সংগ্রহ করে ব্যবসায়ীরা নিয়ে আসেন লালবাগের পোস্তায়। সেখানে আড়তদাররা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনেন। এ বছর চামড়ার দাম ভালো হলেও টানা বৃষ্টির জন্য অনেক চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে। সেখান থেকে চামড়া সংগ্রহ করে আড়তে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি ব্যবসায়ীদের কম আনাগোনা হওয়ায় চামড়া আমদানি কমে গেছে। আর ঈদের দিন সকাল থেকে টানা বৃষ্টির কারণে ঢাকার চামড়া আনতে পারলেও ঢাকার বাইরের চামড়া সময়মতো আমাদের কাছে আনতে পারবে না। আবার আজও বৃষ্টি হচ্ছে। ফলে চামড়া নিয়ে অনেকটা মুশকিলে পড়তে হচ্ছে । গত বছরের চেয়ে এ বছর কাঁচা চামড়া বেশি নষ্ট হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বড় আকারের প্রতিটি চামড়া ৮৫০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং ছোট ও মাঝারি আকারের চামড়াগুলো ৪৫০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গড়ে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর চামড়ার দাম বাড়লেও লবণের দাম ও শ্রমিক খরচ ৭০ টাকার মতো বেড়েছে।

পোস্তার ব্যবসায়ীরা জানান, এখানে চামড়া সংগ্রহের পর প্রথমে লবণজাত করা হবে। পরে তারা সাভারের ট্যানারিগুলোতে পাঠিয়ে দেবেন। এ বছর সরকার ছোট ও মাঝাড়ি সাইজের চামড়ার দাম ৬০ থেকে ৮০ টাকা ও বড় আকারের চামড়ার দাম ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এ বছর বৃষ্টির জন্য রাতে যে চামড়াগুলো আসবে সেটার গুণগত মান ঠিক থাকবে না। অনেক চামড়া পচে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত