প্রথমবারের মতো মোংলায় সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:০১ পিএম

প্রথমবারের মতো মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে সাড়ে ৮ মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম,ভি মেরস্ক নুসান্তরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বন্দরের নয় নম্বর জেটিতে ভিড়ে। সিঙ্গাপুর থেকে বিভিন্ন পণ্য বোঝাই ৩১৫টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে এসেছে জাহাজটি। এসব কন্টেইনার খালাস করে রপ্তানির ২৬৩টি কন্টেইনার নিয়ে শুক্রবার জাহাজটি পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ায় এ বন্দর দিয়ে গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য রপ্তানি বেড়ে গেছে। তাই বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন নতুন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় গত ৫ জুলাই বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির, বিভিন্ন পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

তিনি জানান, মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটির অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধাসহ পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমে যাওয়ায় ব্যবসায়ীরা এখন মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত