পিএসজি ছাড়তে চান এনরিকে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:২১ এএম

লুইস এনরিকের পিএসজির দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হয়েছে আজ। তবে এখনও শুরু হয়নি ইউরোপিয়ান ফুটবলের মৌসুম। প্রাক-মৌসুমের প্রস্তুতিতে পিএসজি খেলে বেড়াচ্ছে বিদেশের ক্লাবগুলোর বিপক্ষে। কোচও ব্যস্ত দল গোছানো নিয়ে। কিন্তু এরই মাঝেই গুঞ্জন, প্যারিস ছাড়তে চান এই স্প্যানিশ কোচ। এমবাপ্পেকে নিয়ে টানাপোড়েন ও ক্লাবের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্যই নাকি স্প্যানিশ কোচের এমন সিদ্ধান্ত।

এনরিকের ক্লাব ছাড়তে চাওয়ার এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে পিএসজির সমর্থকদের মধ্যে দেখা দেয় অস্থিরতা। তবে এই গুঞ্জন ডালপালা মেলার আগেই তা উড়িয়ে দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাব ছাড়ার খবর যে মিথ্যা, সে ইঙ্গিত দিয়েছেন এনরিকেও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, এমবাপ্পেকে নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই প্যারিস ছাড়তে চান এনরিকে। শুধু এটুকুই নয়, এনরিকের জায়গায় তার সহকারী রাফায়েল পোলের দায়িত্ব নেওয়ার কথা বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যমটি।

কিন্তু দ্রুতই পিএসজির এক মুখপাত্র এ খবরকে গুজব বলে দাবি করেছেন। দলবদলে বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোকে সেই মুখপাত্র বলেছেন, ‘গুজবটি পুরোপুরি হাস্যকর। এটা মোটেই সত্য নয়।’

এ খবর যে সঠিক নয়, এক পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন এনরিকে নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে দলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই কোচ। সেই স্টোরিতে তিনি লিখেছেন, ‘দলের সবাই একে অপরকে সাহায্য করছেন। আবার দলের একজন সদস্য পুরো দলের শক্তি প্রদান করছেন।’

ক্রিস্তফ গালতিয়েরের জায়গাতেই মূলত কোচ হন এনরিকে। বার্সেলোনার সাবেক এই কোচ পিএসজির দায়িত্ব নেন গত মাসের ৫ তারিখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত