দৈনিক দেশ রূপান্তরের প্রিন্ট সংস্করণে গত ০৪ আগস্ট ‘সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা লিখেছিলেন গণমাধ্যমটির নিজস্ব প্রতিবেদক আসাদুল্লা লায়ন।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, প্রতিবেদনের শিরোনামটি বিকৃত করে ‘বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শিরোনামে সংবাদটি প্রচার করা হচ্ছে, যা আদৌ সত্য নয়। সোমবার (০৭ আগস্ট) বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টি উঠে এসেছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বলা হয়, ‘বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মীর রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক কোনও প্রতিবেদন দেশ রূপান্তরে প্রকাশিত হয়নি। বরং ‘সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক সংবাদটির শিরোনাম বিকৃত করে মিথ্যা প্রচার করা হচ্ছে।
আসাদুল্লা লায়নের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর পল্টন, প্রেস ক্লাব ও গুলিস্তান এলাকায় এক শ্রেণির ভাড়াটে কর্মী টাকার বিনিময়ে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, সেমিনার প্রভৃতি সাংগঠনিক ও সামাজিক আয়োজনে অংশ নেওয়ার জন্য অপেক্ষায় থাকে।
এই চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তি গণমাধ্যমটির প্রতিবেদককে জানান, এক থেকে দেড় ঘণ্টার প্রোগ্রামের জন্য দিতে হয় ১৫০ টাকা। দিনব্যাপী হলে সর্বনিম্ন ৪০০ টাকা দিতে হয় জনপ্রতি। নারীদের চাহিদা বেশি, তাই তাদের ৬০০ টাকা দিতে হয়। তবে প্রতিবেদনের বিস্তারিত অংশে কোথাও কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। এছাড়া কোন রাজনৈতিক দলের সমাবেশে অংশ নিলে কত টাকা দেওয়া হয় এমন কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, দেশ রূপান্তরের শিরোনামে উল্লেখিত ‘সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০ ‘ এর ‘সভা’ অংশটুকুর বদলে বিএনপির শব্দটি যুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
দেশ রূপান্তরে প্রকাশিত মূল সংবাদ পড়ুন: সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০
