জল্পনার মাঝে এমবাপ্পে নেই পিএসজির প্রথম দুই ম্যাচে

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম

বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের পিএসজি অধ্যায় হয়তো শেষের পথে। গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন তিনি। মোটা অংকের প্রস্তাব পেলে ক্লাব যেকোনো সময় তাকে ছেড়ে দেবে। কিন্তু এমবাপ্পে চাইছিলেন এই মৌসুমটা সেখানে খেলে যেতে। তবে প্যারিসিয়ানরা সেটি হতে দিচ্ছে না।

এমবাপ্পে যেন এখনই ক্লাব ছেড়ে দেন, সেজন্য যত ধরনের চাপ দেওয়া যায় সব চেষ্টা করছে প্যারিসের দলটি। তারই অংশ হিসেবে লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে তাকে নাও রাখতে পারে। এমন শঙ্কা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম লেকিপ।

আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে ফরাসি ফুটবলের নতুন মৌসুম। পরদিন ১৩ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি। এফসি লরিয়েন্টের বিপক্ষে সেই ম্যাচে শুরুর একাদশে তাকে নাও দেখা যেতে পারে। এমনকি প্রথম দুই ম্যাচে তাকে মাঠেও নামতে দেখা যাবে না বলে শঙ্কার কথা জানিয়েছে ফরাসি গণমাধ্যমটি।

২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকাকে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও রাজি। তবে সেটা আগামী মৌসুম থেকে। কিন্তু পিএসজি তাকে এখনই ছেড়ে দিতে চায়। সেক্ষেত্রেও রাজি রিয়াল। কিন্তু ট্রান্সফার ফি নিয়ে বনিবনা হচ্ছে না বলে ঝুলে আছে এই ফরাসি তারকার দলবদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত