কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কম জল ঘোলা করেনি পিএসজি। তার ট্রান্সফার কাহিনীতে বিরক্ত হয়ে উঠছিলেন সতীর্থ ও কোচ। অবশেষে নেইমার সৌদি আরবে যাওয়ায় সেই গল্পের ইতি টেনেছে প্যারিসিয়ানরা। এমবাপ্পেকে ফিরিয়েছে দলের অনুশীলনে। আর ফরাসি তারকায় ফেরায় খুশি দলটির কোচ লুইস এনরিকে।
লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার তুলুজের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পিএসজি কোচ। সেখানেই জানালেন নিজের এই খুশির কথা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লুইস এনরিকে বলেন, ‘এটা আমাদের জন্য খুশির খবর যে এমবাপ্পে দলের সঙ্গে ফিরেছেন। প্রশিক্ষণে তাকে যতটুকু দেখেছি, সেখানে সে নিখুঁত। গত কয়েকদিনের চাপ এখন আর নেই। সে এখন বেশ ফুরফুরে। তার ইচ্ছা শক্তি প্রবল। মাঠে নিজের সেরাটা দিতে সে অনুশীলনেই নিজেকে সেভাবে ঝালিয়ে নেয়।’
স্প্যানিশ এই কোচ কথা বলেছেন বার্সেলোনা থেকে প্যারিসে যোগ দেওয়া উসমান দেম্বেলেকে নিয়েও। বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই সে খেলার জন্য প্রস্তুত। ১০ নম্বর জার্সিটাও নিয়েছেন ফরাসি এই উইঙ্গার।’
