পিএসজির গোলরক্ষক সার্জিও রিকো কোমা কাটিয়ে কাটিয়ে বাইরের আলোয় এসেছেন। আজ শুক্রবার হাসপাতাল থেকেও ছাড়া পেলেন তিনি। ঘোড়া দৌড় দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে গিয়েছিলেন। প্রায় তিন মাস জনসম্মুখে হাজির হলেন এই ফুটবলার।
গত ২৮ মে স্থানীয় একটি একটি উৎসবে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে সেভিলের ভার্জেন দেল রোসিও হাসপাতালে কোমায় ছিলেন ২৯ বছর বয়সী ফুটবলার।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রিকো বলেছেন, ‘স্মৃতির পাতা থেকে এই দুর্ঘটনা মুছে যাক, এটাই চাই। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, হাসপাতালে আমার ঘুম ভেঙেছে। ঈশ্বরকে ধন্যবাদ। আজ ভীষণ আনন্দ বোধ করছি। আশা করি খুব শীঘ্রই আমি ফুটবলের মাঠে ফিরব।’
এদিকে সুস্থ হয়ে ওঠায় রিকোকে শুভেচ্ছা জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছেন, ‘সার্জিও রিকোকে অভিনন্দন। আমরা আশা করি তিনি পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রেখে এগিয়ে যাবেন। ক্লাবের পক্ষ থেকে সব সমর্থন থাকবে।’
