চলতি বছর থেকে মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। কিন্তু আট মাস পার হলেও এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা কাটেনি। এমনকি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এখন পর্যন্ত একটি সিদ্ধান্ত পৌঁছতে পারেনি। তারাও পরীক্ষামূলকভাবে নানা উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা মাধ্যমিকের প্রত্যেক শ্রেণির শিক্ষাথীদের শিক্ষাবোর্ড কর্তৃক ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, শিক্ষাবোর্ডের এই পারফরম্যান্স অ্যাওয়ার্ড দিতে হলে প্রত্যেক শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য তাদের কাছে থাকতে হবে। এজন্য ইতোমধ্যে এটুআই এর সহযোগিতায় একটি অ্যাপস তৈরির কাজ শুরু হয়েছে। সেই অ্যাপসে প্রত্যেকটি স্কুলের জন্য আলাদা জায়গা থাকবে। স্কুলগুলো নির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপসে ঢুকে শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়মিতভাবে আপডেট করবেন। এর ভিত্তিতে বছর শেষে পারফরম্যান্স অ্যাওয়ার্ড দিবে বোর্ড।
জানা যায়, শিক্ষার্থীদের পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়ার অংশ হিসেবেই ইতোমধ্যে ৮ম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু করেছে শিক্ষাবোর্ড। এ বছরের সাড়ে তিন মাস বাকি থাকলেও এরমধ্যেই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করার চিন্তা করছে শিক্ষা বোর্ড।
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের সভা হয়েছে। সেখানে প্রত্যেক বছর মাধ্যমিকের সব শিক্ষার্থীকে একটি পারফরম্যান্স সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য একটি অ্যাপস তৈরি করা হচ্ছে। যেখানে প্রত্যেক স্কুল প্রত্যেক শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য আপলোড করবেন। যার ভিত্তিতে শিক্ষাবোর্ডগুলো এই সনদ দিবে। আর এজন্য আমাদের প্রতি বছরই শিক্ষার্থীদের তথ্য জানা দরকার। তাই আমরা প্রতি বছরই ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করব। আর নবম শ্রেণির শিক্ষার্থীদের আগে থেকেই রেজিস্ট্রেশন হয়।’
এনসিটিবি সূত্র জানায়, চলতি বছর থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। আর নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ওই বছর থেকেই জিপিএ তুলে দেওয়া হবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মূল্যায়নে নতুন কোনো পদ্ধতি চালু হবে।
জানা যায়, নতুন শিক্ষাক্রমের আওতায় ইতোমধ্যেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন হয়েছে। তবে এ মূল্যায়ন গতানুগতিক পদ্ধতিতে হয়নি। শিক্ষার্থীদের মূল্যায়ন হয়েছে উৎসবের মাধ্যমে। তারা স্কুলে গিয়েছে আনন্দের সঙ্গে। পরীক্ষায় বসেছে খেলার ছলে। আর শিক্ষার্থীদের প্রচলিত গ্রেড পয়েন্টেও মূল্যায়ন করা হয়নি। যারা নতুন শিক্ষাক্রমে অসাধারণ করেছে, তাদের দেওয়া হয়েছে– ‘ত্রিভুজ’। যারা প্রতিনিয়ত উন্নতি করছে, তাদের দেওয়া হয়েছে ‘বৃত্ত’। আর যাদের যত্ন নেওয়া প্রয়োজন, তাদের দেওয়া হয়েছে ‘চতুর্ভুজ’।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শিখনকালীন মূল্যায়নে জোর দেওয়া হয়েছে। মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিতে ৫০ থেকে ৬০ শতাংশই থাকছে শিখনকালীন মূল্যায়ন। বাকি নম্বরের সামষ্টিক মূল্যায়ন। ইাতোমধ্যে তুলে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। ফলে আগে এসব শ্রেণিতে কেন্দ্রীয় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সনদ পেলেও এখন আর তা পাচ্ছে না। তাই নতুন শিক্ষাক্রমের প্রত্যেক শ্রেণিতেই এই পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়বে। আবার মফস্বলে ৮ম শ্রেণি শেষে ঝরে পড়া শিক্ষার্থীরা ওই সনদ বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারবে।
