গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ সেশনের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। রাব্বির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া গ্রামে৷

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের বাড়িতে তার রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির পরিবার থেকে জানা যায়, অন্যান্য দিনের মতই গতকাল রবিবার রাতে নিজ রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান রাব্বি। তবে সোমবার দুপুর পর্যন্তও রাব্বি ঘুম থেকে না উঠায় সন্দেহ জাগে পরিবারের লোকজনের মনে। তখন অনেক চেষ্টা করেও কোন সাড়া না পেয়ে রাব্বির রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার হওয়ার কারণে খুব কাছ থেকে চিনতাম। সে খুব অমায়িক ছেলে ছিল। আমি যতটুকু জানি তার প্রেমঘটিত বা অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না। এক বছর আগে তার বাবা মারা যান। এজন্য তার মন খারাপ ছিল। আমি সবসময় চেষ্টা করেছি রাব্বির খোঁজ খবর রাখতে। কিন্তু মাঝে সে আর যোগাযোগ করেনি৷ রাব্বির মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

এদিকে রাব্বির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ বিভাগ ও জেলার শিক্ষার্থীদের মাঝে। সোমবার রাত ১০টায় সদর উপজেলার উলচাপাড়া মসজিদে রাব্বির জানাযা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত