প্রবল বৃষ্টি আর যানজটে ভেসে গেছে ফেসবুক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ এএম

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানীর রাজপথ ও অলিগলি। পানিতে ডুবে যাওয়া রাস্তাঘাটের ছবি কিংবা যানজটে আটকে থাকা ছবি,ভিডিও আর পোস্টে ভেসে যায় ফেসবুক ভেসে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাত ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে সময়ের সাথে বৃষ্টি বাড়তে থাকায় ঢাকা হয়ে উঠে দুর্ভোগের নগরী। রাজধানীর প্রায় সব সড়কে দেখা দিয়েছিল তীব্র যানজট। দীর্ঘ সময় স্থির দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনকে। কোথাও কোথাও ৩০ মিনিটের রাস্তা পারি দিতে ৩ ঘণ্টাও লেগেছিল।

অন্যদিকে মিরপুরে বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন লিখেন, উন্নয়নের মহাসড়ক যখন গিলে খায় মুষ্টিমেয় কর্তারা,তখন ঢাকার রাজপথে দু'চারজন মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কার কি যায় আসে।

কেউ কেউ লিখেন,ঢাকার নগর পিতারা এসবের কিছুই জানেন না। এ যেন রুম সাম্রাজ্য,যেখানে আতিক-তাপস সাবরা কেবল বাঁশিই বাজাচ্ছেন। কখন যে একটা পরিবারের ৩জন মানুষ ডুবে মরে গেল তারা তা বুঝতেই পারলেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায় বিভিন্ন এলাকার রাস্তায় জমে থাকা পানিতে কেউ সাতার কাটছে। এ ছাড়া সিংহভাগ ছবিতে দেখা যায় জলাবদ্ধতার কারণে রাস্তায় তীব্র যানজট, গাড়ি নিশ্চল অবস্থায় পড়ে আছে, বাস গাড়ি রিকশা অর্ধেক ডুবে আছে পানিতে।

আরিফুল ইসলাম নামে একজন ফেসবুকে লিখেন, পানিতে ডুবে যাওয়া রাজপথ দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী। কামরুল ইসলাম নামে আরেকজন লিখেন, তারা দুজন ঢাকাকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দেন , কিন্তু আজকে পুরো ঢাকা পানির নিচে ডুব দিয়ে আছে!

আবুল খয়ের নামের একজন ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেন, রাজধানীতে মিনি কক্সবাজার। মোস্তাফিজুর রহমান মিলন নামে একজন লিখেন, ছোটবেলায় "বর্ষণমুখর সন্ধ্যা" রচনা শিখছিলাম বাস্তবে আজ দেখলাম। ভালোই লাগছে।

কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন, জলাবদ্ধতার কারণে তারা শহরের একই জায়গা গাড়িতে কয়েক ঘণ্টা আটকা পড়ে আছেন।তাদের ই একজন আনোয়ার হুসেন।তিনি লিখেন,রাত এখন ১২ টা এখনো যানজটে আটকা। আজ রাতে কি বাসায় ফিরতে পারবো।

ফারজানা লাবনি একজনের পোস্টে মন্তব্য করেন, রাত সাড়ে আটটায় ধানমন্ডি ল্যাবএইড থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ তে মিরপুর ১৩ তে পৌঁছেছি। একই পোস্টে রাজীব নামে আরেকজন লিখেন,আমি প্রেস ক্লাবের সামনে থেকে তিন ঘণ্টায় আল্লাহর অশেষ রহমতে শ্যামলী আসতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত