ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাসে অনশন ভেঙেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ে ৩১ টি মোর্চা।
দুই দিনের গণ অনশন ও অবস্থান কর্মসূচীর দ্বিতীয় দিনে আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যান সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান কবির বিন আনোয়ার। তিনি খুব দ্রুতই সংখ্যালঘু কমিশন গঠন এবং অন্য দাবিগুলো সময় সাপেক্ষে বাস্তবায়নের আশ্বাস দেন।
পরে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্তসহ অন্যদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান তিনি। তবে, দাবি বাস্তবায়নে সংগঠনের কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা।
অর্পিত সম্পত্তির প্রকৃত স্বত্বাধিকারীদের পুন:প্রতিষ্ঠা, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি, জলাধার, ও বন এলাকায় অধিকার সংরক্ষণে ব্যবস্থা নেওয়া, সংখ্যালঘু স্ব ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সকল আইনের অবসানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচী পালন করে ঐক্য মোর্চা।
তবে, অনশনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্তসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কয়েকজন চিকিৎসক ও নার্স অনশনস্থলে গিয়ে তাদের স্যালাইন ও চিকিৎসা দেন। মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য ও সংগঠনের ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি শিখা মণ্ডল গুরুতর অসুস্থ হলে তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক দেশ রূপান্তরকে বলেন, ‘সংখ্যালঘু কমিশন গঠনের বিষয়ে আমরা একটি খসরা দিয়েছিলাম। তিনি (কবির বিন আনোয়ার) বলেছেন এটি শিগগির তারা বাস্তবায়ন করবেন। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর বোর্ড গঠনসহ বেশ কিছু বিষয় আইনি এবং সময় সাপেক্ষ হওয়ায় সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে, দাবিগুলো বাস্তবায়নে আমাদের যে কর্মসূচী তা চলবে।’
এর অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
