‘রাতে মঞ্চ ভেঙেছে পুলিশ’ অভিযোগে সমাবেশ স্থগিত বিএনপির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজার বাসষ্টান্ডে আয়োজন করা সমাবেশ স্থগিত করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ তুলে স্থানীয় নেতারা বলছেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাতের অন্ধকারে তাদের মঞ্চ ভেঙে দেয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আমিনবাজারের চিশতিয়া ফিলিং স্টেশনের পাশে বালুর মাঠে মঞ্চের বাঁশ খুঁটি মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক অভিযোগ করেন, ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর সাত দিন আগে আমরা দরখাস্ত করেছিলাম। চারদিন আগে আমাদের অনুমতি দেওয়া হলেও সমাবেশের আগের রাতে পুলিশই মঞ্চ ভেঙে ফেলেছে।

গতকাল রাত ২টার সময় আমাদের জানানো হয়, আওয়ামী লীগের আরেকটি প্রোগ্রাম থাকায় সংঘর্ষের আশঙ্কায় অনুমতি বাতিল করা হয়েছে। এজন্য আমিনবাজারের সমাবেশ স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মঞ্চ করেছি আমরাই ভেঙে নিয়ে যেতাম। পুলিশ কেন মঞ্চ ভেঙে ফেলল? সোমবার বিকেলে পার্টি অফিসের বৈঠকে স্থগিত সমাবেশ কবে আয়োজন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) (এএসপি) আব্দুল্লাহ হিল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগটি হাস্যকর। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত