শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভূমিকা নিতে হবে। কারণ যড়যন্ত্রকারীরা আবার দল বেধেঁ মাঠে নেমেছে। তাই আগামীতে কোনো ভুল করা যাবে না। ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্থ হবে।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরীর (সম্প্রসারিত) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছে। একটার পর একটা মেগা প্রকল্প উদ্ধোধনের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন আসছে। যার সুফল ভোগ করছে দেশের জনগণ। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর ঘোড়াশালে এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করবেন। যার ফলে কৃষকদের কাছে ইউরিয়া সার সহজলভ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করবে। নিরপেক্ষ পরিবেশে সবাই তার ইচ্ছেমত ভোটাধিকার প্রয়োগ করবে।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিসিকের চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রমুখ।
