বিরতি ভাঙলেন ভিট সুন্দরী, সিনেমায় নতুন জুটি

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

অনেকদিন থেকেই পর্দায় নেই মডেল ও অভিনেত্রী তাশদিক নমিরা আহমেদ। স্বামী, সংসার ও সন্তান- এই তিন ‘স’তেই নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন ভিট সুন্দরী। ৪ বছর পর বিরতি ভেঙে নাম লেখালেন বড় পর্দায়। এরমধ্যে শুটিংও শেষ করে ফেলেছেন। সিনেমার নাম ‘আলী’, পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ। এ সিনেমা দিয়ে তিনিও ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন।

বিরতি ভেঙে ফেরা প্রসঙ্গে তাশদিক নমিরা দেশ রূপান্তরকে বলেন, ‘সর্বশেষ কাজ করেছিলাম ২০১৯ সালে। তখন তো নাটকে নিয়মিত ছিলাম এরপর বিয়ে, সংসার এবং সন্তান হওয়ায় বিরতি নিয়েছিলাম। অনেকদিন কোন কাজ করিনি। মাঝে করোনা মহামারি এল। সবকিছু মিলিয়ে আর কাজ করা হয়নি। বলা যায়, এই সিনেমা দিয়েই আমার কামব্যাক। এরমধ্যে আরও বেশ কিছু প্রজেক্টের বিষয়ে কথা চলছে। ওটিটির কিছু কাজের প্রস্তাব এসেছে তবে এখনও চূড়ান্ত হয়নি। এখন যেহেতু ফিরেছি, নিয়মিত কাজ করব।’

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নাটকে কাজ করলেও সিনেমা নিয়ে কখনোই কোনো পরিকল্পনা ছিল না। কোনোদিন ভাবিওনি যে সিনেমা করব। ‘আলী’ নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। প্রযোজক, পরিচালকের কিছু পরিকল্পনা রয়েছে, তারা সেসব শেয়ার করবেন। তবে এটুক বলতে পারি, এখানে আমার যে চরিত্রটা সে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে। গল্প, চরিত্র বেশ চমৎকার। আমার সঙ্গে রয়েছে ইরফান সাজ্জাদ। কাজটি করে খুবই ভালো লেগেছে।’

image

এ সিনেমার মধ্য দিয়ে নমিরার সঙ্গে প্রথমবারের মত জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।টেলিভিশনে নিয়মিত দেখা গেলেও ২০১৭ সালে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার পর তাকে আর বড় পর্দায় দেখা যায় নি। তার মতে, গত কয়েক বছরে বেশ কিছু সিনেমার প্রস্তাব আসলেও সেগুলো তার মনের মত হয় নি। অপেক্ষা করছিলেন ভালো গল্পের এবং চরিত্রের।

দেশ রূপান্তরকে ইরফান সাজ্জাদ বলেন, ‘কাজটা করার পর এটুক মনে হয়েছে, এই সিনেমাটা আমার ক্যারিয়ারের সেরা কাজ হবে। মাঝে অনেকদিন কোনো কাজ করিনি। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি, কয়েক মাস প্রস্তুতি নিয়েছি এরপর শুটিং শুরু করেছি। এখানে আমার চরিত্রটা একজন অটিজম ছেলের যে কিনা বাকপ্রতিবন্ধি। এরকম একটা চরিত্র সঠিকভাবে উপস্থাপন করা খুব একটা সহজ নয়। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, খেটেছি। গত কোরবানি ঈদের পর আমরা শুটিং শুরু করেছিলাম। গত মাসে শুটিং শেষ হয়েছে। আর কিছু প্যাচওয়ার্কের কাজ বাকি রয়েছে যেটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। খুব শিগগিরই সিনেমাটির ফার্স্ট লুক, টিজার ট্রেলার চলে আসবে। চলতি বছরেই মুক্তি পাবার কথা রয়েছে।’

image

সিনেমাটির বাইরে এখন একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ইরফান সাজ্জাদ। শিহাব শাহীনের নিজের জীবনের গল্পে নির্মিত ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি এর আগেও ওটিটির কিছু কাজ করেছি যেমন-দৌড়, আঘাত। কিন্তু এই ফিল্মের গল্পটা জাস্ট দুর্দান্ত। অনেকের কাছে এটা বাবা-মেয়ের গল্প মনে হলেও এখানে বেশ কিছু ইন্টারেস্টিং দিক আছে। এখানে সাসপেন্স আছে, থ্রিলার আছে। আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। শিহাব ভাই যখন আমাকে গল্পটা শোনায়, আমি সাথে সাথে বলেছি যে, এই গল্পটার সঙ্গে আমি থাকতে চাই। স্ক্রিপ্টও পড়িনি, গল্প শুনেই উৎসুক হয়ে যাই কাজটি করার জন্য। আমার মনে হয়, গল্পটা এত চমৎকার এবং আমার চরিত্রটা এত ইন্টারেস্টিং, যে কেউ এই চরিত্রটা পেলে কাজটা লুফে নিতে চাইবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি শুধু এই গল্পটার অংশ হতে চেয়েছি। বাকিটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবে।’

‘আলী’ সিনেমাতে ইরফান সাজ্জাদ-নমিরা ছাড়া আরও অভিনয় করেছেন অর্পা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। অন্যদিকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’-এ দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত