নামের গরমিলে ৭ বছর ধরে জেলে মফিজুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম

ডাকাতি মামলার আসামি না হয়েও নামের গরমিলের কারণে প্রায় ৭ বছর ধরে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন মো. মফিজুল ইসলাম (৪৭)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আমিরাবাড়ী ইউনিয়নের আমিরাবাড়ী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

জানা যায়, মফিজুল ইসলাম প্রায় এক যুগ প্রবাসে থেকে ২০১৭ সালে দেশে আসেন। ওই বছরের ফেব্রুয়ারি মাসে একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আসামি মফিজ উরফে মফিজুল ইসলামের পিতা হোসেন আলীর ঠিকানা অস্পষ্টভাবে উল্লেখ থাকায় মো. মফিজুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় ত্রিশাল থানা পুলিশ। ডাকাতির ঘটনায় ২১ আগস্ট ১৯৯৪ সালে টাঙ্গাঈল জেলার মিজার্পুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় মফিজ উরফে মফিজুল ইসলামের যাবজ্জীবন সাজা হয়।

মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য আপিল করলেও মামলা থেকে অব্যাহতি পাননি মফিজুল। আপিল বিভাগে মামলাটি বর্তমানে হাইকোর্ট ডিভিশনের ২৩ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে।

জেল হাজতে থাকা মফিজুল ইসলামের স্ত্রী অঞ্জনা জানান, আমার স্বামী নিরাপরাধ। আমার স্বামী নামের গরমিল হওয়ায় প্রায় ৭ বছর থেকে জেল হাজতে রয়েছেন তিনি। আমি দুটি সন্তান নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছি। এমনকি মামলার খরচ ও বহন করতে হচ্ছে।

ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মফিজুল ইসলাম একজন ভালো লোক। সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কাজের সাথে জড়িত না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত